লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।
বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, সমন্বিত এই হামলায় দুটি জাহাজেই আগুন ধরে যায়।
হামলার দায় স্বীকার করে হুতিরা জানায়, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। এখন থেকে সৌদি আরবের ওপরও একইভাবে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে।
চলতি সপ্তাহেই সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল হুতি বিদ্রোহীরা। সে সময় তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজকে আসা-যাওয়া করতে দেওয়া হবে না। এই পথ ব্যবহারের চেষ্টা করলেই কঠোর হামলার মুখোমুখি হতে হবে।
এদিকে দুটি জাহাজে হামলার হুতি দাবি করলেও সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) ভিন্ন তথ্য দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে এবং এতে আগুন ধরে যায়। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি তারা।
লোহিত সাগরে তাদের মালিকানাধীন ‘এনসেলিয়া’ নামের একটি জাহাজে হামলার কথা নিশ্চিত করেছে সৌদি আরব।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।
সৌদির জেনারেল ট্রান্সপোর্ট অথরিটির এক দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হামলার কারণে জাহাজটির সামনের অংশে (ধনুক আকৃতির অগ্রভাগে) আগুন ধরে যায়।
তবে ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন, জাহাজে থাকা ক্রুদের সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন। জাহাজ ও এর নাবিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সামুদ্রিক পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

