ইরাকের বাগদাদে প্রথম ইহুদি জাদুঘর চালু, কী আছে এতে

ইরাকের বাগদাদে প্রথম ইহুদি জাদুঘর চালু, কী আছে এতে
বাগদাদে ইহুদি জাদুঘরে দর্শণার্থীরা। ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদে প্রথমবারের মতো চালু হয়েছে ইহুদি ঐতিহ্যবিষয়ক জাদুঘর। প্রতিদিন দর্শনার্থীরা সেখানে ভিড় করছেন। জাদুঘরে সংরক্ষিত রয়েছে পুরোনো শিক্ষাসনদ, হাতে লেখা নথিপত্র, পরিচয়পত্র ও পারিবারিক ছবি। এসব নিদর্শনে উঠে এসেছে ইরাকের একসময়ের সমৃদ্ধ ইহুদি সম্প্রদায়ের ইতিহাস।

আল-রশিদ সড়কে অবস্থিত ঐতিহাসিক শামাশ ইহুদি বিদ্যালয় ভবনে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯২৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল ইহুদি দানশীল ব্যক্তি ইয়াকুব শ্লোমো শামাশের নামে।

বিজ্ঞাপন

জাদুঘরে ইরাকের প্রথম অর্থমন্ত্রী সাসুন হেসকেল এবং বিখ্যাত সংগীতশিল্পী সালিমা মুরাদের মতো ইহুদি ব্যক্তিত্বের স্মৃতিও তুলে ধরা হয়েছে। বিশ শতকের বিশ ও ত্রিশের দশকে সালিমা মুরাদ ইরাকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন।

ইরাকের ইহুদি সম্প্রদায়ের আইনগত প্রতিনিধি আম্মার আল-তামিমি জানান, সম্প্রদায়টির ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন ইরাকে বসবাসরত ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের প্রধান খালিদা ফুয়াদ এলিয়াহু। জাদুঘর প্রতিষ্ঠার সব অর্থ এসেছে ইহুদি সম্প্রদায়ের নিজস্ব তহবিল থেকে।

জাদুঘরটিতে এখন পর্যন্ত কোনো ইহুদি দর্শনার্থী আসেননি। তবে স্থানীয় ইরাকিদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

ইতিহাসবিদ সাদি আল-ইরাকি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশটির পুরোনো সিনাগগ ও অন্যান্য ইহুদি উপাসনালয়ও খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ক্রমেই কমছে ইহুদি সম্প্রদায়

উসমানীয় শাসনামল থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বাগদাদের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ ছিল ইহুদি। ১৯৪৭ সালে ইরাকে ইহুদির সংখ্যা ছিল প্রায় দেড় লাখ। তবে আরব জাতীয়তাবাদের উত্থান ও ইহুদিবিদ্বেষী সহিংসতার কারণে সম্প্রদায়টির ওপর চাপ বাড়তে থাকে।

১৯৫০ থেকে ১৯৫২ সালের মধ্যে প্রায় এক লাখ ২৫ হাজার ইরাকি ইহুদিকে আকাশপথে ইসরাইলে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী, বাগদাদে মাত্র কয়েকজন ইহুদি বসবাস করছেন। নিরাপত্তার কারণে তারা অনেকটা নীরবে জীবনযাপন করেন। এছাড়া কুর্দি বংশোদ্ভূত প্রায় ৯০ জন ইহুদি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে রয়েছেন।

তবে বাগদাদের পুরোনো বাণিজ্যিক এলাকা ও নদীতীরবর্তী বাড়িঘরের স্থাপত্যে এখনো ইহুদি ঐতিহ্যের চিহ্ন রয়ে গেছে। স্থাপনাগুলোর দেয়ালে খোদাই করা ডেভিডের তারা সেই হারিয়ে যেতে বসা ইতিহাসেরই সাক্ষ্য বহন করছে।

সূত্র: আরব নিউজ

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...