রকেট হামলায় ইরাকি বিমান বাহিনীর সামরিক বিমান ধ্বংস

রকেট হামলায় ইরাকি বিমান বাহিনীর সামরিক বিমান ধ্বংস
ছবি: সংগৃহীত

ইরাক জানিয়েছে যে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি আন্তোনভ আন-১৩২ বিমান ধ্বংস হয়েছে।

আন্তোনভ আন-১৩২ একটি উন্নত প্রযুক্তির সামরিক পরিবহন বিমান।

বিজ্ঞাপন

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার ঘটনাকে একটি "অপরাধমূলক এবং কাপুরুষোচিত" কাজ বলে অভিহিত করেছে, যা "দেশের সামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে।"

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, বাগদাদ বিমানবন্দরের অংশ শহীদ মুহাম্মদ আলা বিমান ঘাঁটি লক্ষ্য করে স্থানীয় সময় রাত একটা ৫৫ মিনিটে বাগদাদের উপকণ্ঠ থেকে ১২২ মিলিমিটার রকেট দিয়ে হামলা চালানো হয়।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাক জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো ক্ষয়ক্ষতি তদন্ত করছে এবং রকেট হামলার উৎস শনাক্ত করার কাজ শুরু করেছে।

বিবিসি ফার্সির মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র সংবাদদাতা নাফিসা কোহনাভার্দের মতে, এই প্রথম বাগদাদ বিমানবন্দরের ইরাকি বিমান বাহিনীর কোনো অংশকে লক্ষ্যবস্তু করা হলো। তবে এই হামলাটি ইচ্ছাকৃত ছিল নাকি লক্ষ্যভ্রষ্ট হয়ে সেখানে পড়েছে, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে, ইরানপন্থী গোষ্ঠীগুলোর সাথে যুক্ত সংবাদমাধ্যমগুলো নাসর বেস, যা ভিক্টোরিয়া নামেও পরিচিত, সেটি লক্ষ্য করে রকেট হামলার খবর দিয়েছিল, যা বাগদাদ বিমানবন্দর এলাকাতেই অবস্থিত।

যুদ্ধ শুরুর পর থেকে নাসর বেস প্রায় প্রতিদিনই ইরানপন্থী গোষ্ঠীগুলোর রকেট ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। প্রতিবারই তারা দাবি করে যে, তাদের লক্ষ্য ছিল মার্কিন সামরিক লজিস্টিক সরঞ্জাম।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন