টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানা পাঁচ ওভার মেডেন দেওয়ার পাশাপাশি প্রতি ওভারেই একটি করে উইকেট তুলে নিয়ে এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। পাকিস্তানের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবীয় এই ডানহাতি মিডিয়াম পেসার এমন চমকপ্রদ বোলিং তাণ্ডব চালান।
তারোবাতে ম্যাচের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগৃহীত ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল পাকিস্তান। ম্যাচের শুরুতে নিজের প্রথম ৬ ওভারে কিছুটা খরুচে থাকলেও, ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেন গ্রিভস তার সপ্তম ওভারে এসে। চমৎকার এক ডেলিভারিতে বোল্ড করে সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান শান মাসুদকে।
এরপর শুরু হয় জাস্টিন গ্রিভসের আসল জাদুকরী স্পেল। ইনিংসের ৬৬, ৬৮, ৭০ এবং ৭২তম ওভারে বল করতে এসে তিনি পাকিস্তান ব্যাটারদের কোনো রান তোলার সুযোগই দেননি। টানা এই ৫টি উইকেট-মেডেন ওভারে তিনি এক এক করে তুলে নেন আমির জামাল, আলি উসমান, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ আব্বাসকে। তার এই তোপে মুহূর্তের মধ্যেই ধসে পড়ে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার।
জাস্টিন গ্রিভসের আগুনে বোলিংয়ের মুখে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংস শেষে ২৯ রানের মনস্তাত্ত্বিক লিড পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
তবে ম্যাচের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১২৬ রান তুলতেই হারিয়ে বসেছে ৭টি মূল্যবান উইকেট। দিনশেষে স্বাগতিকদের হাতে ৩টি উইকেট বাকি থাকলেও তারা পাকিস্তানের চেয়ে অলরেডি ১৫৫ রানে এগিয়ে রয়েছে। ম্যাচটি এখন এক রোমাঞ্চকর মোড়ে অবস্থান করছে।
গ্রিভসের বোলিং পরিসংখ্যান:
ওভার: ১১
মেডেন: ৬
রান: ২৭
উইকেট: ৫
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

