হরমুজ প্রণালিতে নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় চারটি জাহাজ দুর্ঘটনায় পড়েছে বলে
দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
আইআরজিসির দাবি, প্রণালি ছেড়ে যাওয়ার সময় ‘অনিরাপদ রুট’ ব্যবহার করার চেষ্টা করা দুটি জাহাজ ‘দুর্ঘটনার’ শিকার হয়ে থেমে যায়। এছাড়া আরও দুটি জাহাজ ওই রুটে চলাচল অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায়।
তবে এই দুর্ঘটনার প্রকৃতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি ইরান।
আইআরজিসি আরও অভিযোগ করেছে, সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের নেভিগেশন ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দেয় এবং ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে।
ইরানের দাবি, তেল, গ্যাস বা সার বহনকারী সব জাহাজকে দেশটির অনুমতি নিয়ে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। অন্য কোনো রুট ব্যবহার করলে ‘দুর্ঘটনার ঝুঁকি’ থাকবে বলে সতর্ক করেছে তারা।
গত জুনের মাঝামাঝি ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পর থেকে তেহরান দাবি করে আসছে, বৈশ্বিক জ্বালানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে তাদের কর্তৃত্ব রয়েছে।
ইরানের নির্দেশনা অনুযায়ী, জাহাজগুলোকে ওমান উপকূলের কাছাকাছি প্রচলিত আন্তর্জাতিক রুটের পরিবর্তে ইরানের উপকূলঘেঁষা নৌপথ ব্যবহার করতে হবে। তেহরান বলেছে নির্দেশনা অমান্য করা কয়েকটি জাহাজের বিরুদ্ধে তারা হামলা চালিয়েছে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


