ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আমার দেশকে বলেন, লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হলেও মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উপকূলসহ সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চলতি মাসজুড়েই সারাদেশে কমবেশি বৃষ্টি থাকতে পারে।
এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় এরই মধ্যে দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে বারবার তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অপর সতর্কবার্তায় উপকূলীয় এলাকার নৌবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম ছিল। রাজধানীতে সকাল ছয়টা পর্যন্ত কোথাও কোথাও সামান্য বৃষ্টি হলেও সর্বোচ্চ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় গোপালগঞ্জে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক ছিল। বৃষ্টিপাতের পরিমাণ কমে সারাদেশে আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়িয়েছে। শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল আগের দিনের মতো ৩৫ দশমিক ০ ডিগ্রি।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


