মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বেড়েছে তেলের মূল্য, দাম কমেছে স্বর্ণের

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং উচ্চ ট্রেজারি বন্ডের সুদ হার বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতির আশঙ্কা আরো জোরালো করেছে।

বিজ্ঞাপন

বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ এবং সুদের হার আরো বাড়তে পারে এমন আশঙ্কাই বর্তমানে স্বর্ণবাজারকে দুর্বল করে তুলছে।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১১টা ১৮ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫১৭ দশমিক ৯৪ ডলারে নেমে আসে। এর আগে বুধবার মার্কিন লেনদেনের সময় স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বাড়লেও মার্চের শেষ দিকের পর সর্বনিম্ন অবস্থান স্পর্শ করেছিল। জুন মাসের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫১৮ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা তেলের বাজারকে চাঙ্গা রেখেছে। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাব তারা পর্যালোচনা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঠিক উত্তর পাওয়ার জন্য তিনি আরো কয়েকদিন অপেক্ষা করতে পারেন, তবে প্রয়োজনে আবারো হামলা চালানোর পথ খোলা রয়েছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৪ ডলারে পৌঁছেছে।

ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ট্যান বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর থেকে মার্কিন ডলার শক্ত অবস্থানে রয়েছে এবং বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির উদ্বেগও এখনও প্রবল। ফলে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের মাঝামাঝি অঞ্চলে আটকে থাকা অস্বাভাবিক নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতে কঠোর মুদ্রানীতির ইঙ্গিত থাকায় স্বর্ণের ঊর্ধ্বগতিও সীমিত হয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম ১৫ শতাংশের বেশি কমেছে। জ্বালানি-নির্ভর মূল্যস্ফীতির কারণে বর্তমানে তেলের দামের সঙ্গে স্বর্ণের একটি বিপরীত সম্পর্ক তৈরি হয়েছে। সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হলেও উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের জন্য এটিকে কম আকর্ষণীয় করে তোলে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ৯৬ ডলারে নেমেছে। প্লাটিনাম ১ শতাংশ কমে ১ হাজার ৯৩১ দশমিক ৫ ডলার এবং প্যালাডিয়াম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ৩৫৭ দশমিক ৯৪ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন