মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা দিয়ে যাওয়ার সময় অবৈধ ট্রলির ধাক্কায় ফারিহা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে সুরুজ প্লাজার সামনে পাকা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফারিহা উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফারিহা মায়ের হাত ধরে ছেংগারচর বাজারে সুরুজ প্লাজার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। স্থানীয়রা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শিশুর মা ফারজানা আক্তার বলেন, ‘আমার মেয়ে আমার হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটি এসে তাকে ধাক্কা দেয়। চোখের সামনে আমার মেয়েটা পড়ে যায়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ ট্রলি ও টমটম অবাধে চলাচল করছে। অনেক সময় এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরুজ প্লাজার সামনে ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় তিন বছরের একটি শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

