ইরানকে যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্যের অবস্থান নিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সমালোচনার জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। তিনি বলেছেন, ইরাক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর আলজাজিরার।
রেববার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, ‘আমি একেবারেই একমত নই। রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যারা মনে করেন যুক্তরাষ্ট্র যা-ই করুক না কেন সব সময়ই তাদের সঙ্গে একমত হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘আবার কিছু মানুষ মনে করেন যে কোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কখনো কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। আমার মতে, এই দুই অবস্থানের কোনোটিই যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পক্ষে নয়।’
কুপার জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দায়িত্ব হলো ব্রিটিশ নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কি টনি ব্লেয়ারকে যুক্তরাষ্ট্রের ‘পুডল’ বা অন্ধ অনুসারী বলতে চাইছেন কিনা। জবাবে কুপার বলেন, ‘মূল বিষয় হলো ইরাক যুদ্ধের সময় যেসব ভুল হয়েছিল সেখান থেকে শিক্ষা নেওয়া। আমি মনে করি কিয়ার স্টারমার ঠিক সেটাই করার চেষ্টা করছেন।’
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সম্প্রতি মন্তব্য করেছিলেন যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থানকে শুরু থেকেই যুক্তরাজ্যের সমর্থন করা উচিত ছিল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

