লেবাননে ইসরাইলের স্থল অভিযান জোরদার, পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের স্থল অভিযান জোরদার, পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ
ছবি : আল-জাজিরা

লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরো জোরালো করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিনত জুবাইল শহরটি ঘিরে ফেলার জোর প্রচেষ্টা চালাচ্ছে তারা। তবে পাল্টা প্রতিরোধ হিসেবে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর ওপর অন্তত ৫০টি হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

বিনত জুবাইল ঘিরে উত্তেজনা

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই বিনত জুবাইল শহরটি দখলের জন্য এর চারপাশের পাহাড়ি এলাকা ও গ্রামগুলোতে অবস্থান নেওয়ার চেষ্টা করছিল ইসরাইলি সেনারা।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী শহরটির উপকণ্ঠে প্রবেশের চেষ্টা চালায়।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনত জুবাইলের প্রবেশমুখে থাকা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা দফায় দফায় হামলা চালিয়েছে। শহরটির দখল নিতে যাওয়া ইসরাইলি অগ্রযাত্রা রুখে দেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি।

এক দিনে ৫০ হামলা

হিজবুল্লাহ জানিয়েছে, গত এক দিনে তারা মোট ৫০টির বেশি সামরিক অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে একটি বড় অংশ ছিল ইসরাইলের অভ্যন্তরে সীমান্ত পেরিয়ে চালানো হামলা।

উল্লেখ্য, গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধবিরতি চুক্তির খবর আসার পর হিজবুল্লাহ সাময়িকভাবে ইসরাইলে রকেট হামলা কমিয়ে দিয়েছিল। হিজবুল্লাহর ধারণা ছিল, এই চুক্তির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত থাকবে।

হিজবুল্লাহর সূত্র জানিয়েছে, ‘আমরা ভেবেছিলাম আঞ্চলিক যুদ্ধবিরতি চুক্তিটি লেবাননের ক্ষেত্রেও কার্যকর হবে। কিন্তু ইসরাইল স্পষ্ট করে দিয়েছে যে তারা হামলা বন্ধ করবে না। তাই আমাদের প্রতিরোধও আবার পূর্ণ শক্তিতে শুরু হয়েছে।’

যুদ্ধবিরতির পরের পরিস্থিতি

ইসরাইল সরকার গত কয়েক দিনে এটি স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কোনো সমঝোতা তাদের লেবানন অভিযানের ওপর প্রভাব ফেলবে না। ইসরাইলের এই অনমনীয় অবস্থানের পরই হিজবুল্লাহ তাদের হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, বিনত জুবাইল শহরটি হিজবুল্লাহর জন্য একটি শক্ত ঘাঁটি এবং প্রতীকী মর্যাদার স্থান। এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অনেকটা সুবিধাজনক অবস্থানে চলে আসবে। ফলে এই এলাকাকে কেন্দ্র করে সামনের দিনগুলোতে লড়াই আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

````````````

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন