যুক্তরাষ্ট্রকে একটি ‘ক্ষয়িষ্ণু সভ্যতা’ হিসেবে ইঙ্গিত করে মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ এইমে সেজায়ারের বিখ্যাত উপনিবেশবাদবিরোধী গ্রন্থ ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’-এর একটি অংশ উদ্ধৃত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
‘নেগ্রিচ্যুড’ আন্দোলনের অন্যতম ভিত্তিপ্রস্তর স্থাপনকারী কণ্ঠস্বর সেজায়ার ১৯৫০ সালে ইউরোপীয় সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিক সভ্যতার মধ্যে নিহিত নৈতিক দ্বিচারিতার গভীর সমালোচনা করে ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’ লিখেছিলেন।
মার্টিনিকের কবি ও রাজনৈতিক চিন্তাবিদ এইমে সেজায়ার তার বিখ্যাত ‘ডিসকোর্স অন কলোনিয়ালিজম’ গ্রন্থে সভ্যতার পতন ও নৈতিক সংকট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন।
ইসমাইল বাঘাইয়ের উদ্ধৃতি দেওয়া সেজায়ারের সেই বিখ্যাত উক্তি হলো—‘যে সভ্যতা নিজের তৈরি করা সমস্যাগুলোর সমাধান করতে অক্ষম প্রমাণিত হয়, সেটি একটি ক্ষয়িষ্ণু সভ্যতা। যে সভ্যতা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর প্রতি চোখ বন্ধ করে রাখতে পছন্দ করে, সেটি একটি অসুস্থ সভ্যতা। যে সভ্যতা তার নিজস্ব নীতি ও আদর্শ নিয়ে ছিনিমিনি খেলে, সেটি একটি মৃতপ্রায় সভ্যতা। দিনে দিনে এটি এমন এক ভণ্ডামির আশ্রয় নিচ্ছে, যা আরো বেশি জঘন্য। কারণ এটি দিয়ে কাউকে প্রতারিত করার সম্ভাবনা ক্রমশই কমে আসছে।’
মুখপাত্র বাঘাই এর আগেও সমসাময়িক ভূ-রাজনৈতিক ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য সাহিত্যিক ব্যক্তিত্বদের বাণী ব্যবহার করেছেন।
এর আগে আলজাজিরায় প্রকাশিত একটি মতামত নিবন্ধে ইরানের ওপর মার্কিন-ইসরাইলের যৌথ হামলাকে ব্যাখ্যা করতে তিনি দ্বাদশ শতাব্দীর পারস্য কবি ফরিদ উদ্দিন আত্তারের প্রসঙ্গ টেনেছিলেন।
সূত্র: আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


