নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের লক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির বিরোধী নেতারা। এ লক্ষে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ পদগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করতে সমঝোতায় পৌঁছেছেন চার বিরোধী নেতা। নতুন পার্লামেন্টের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের উদ্যোগে এই সমঝোতা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আইজেনকট বলেন, ইসরাইলের বর্তমান জটিল পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব একটি জাতীয় জরুরি সরকার গঠনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

বার্তা সংস্থা এএফপির বরাতে এনডিটিভি জানিয়েছে, আইজেনকোটের সঙ্গে সমঝোতায় অংশ নিয়েছেন নাফতালি বেনেট, ইয়াইর গোলান, আভিগদর লিবারম্যান ও ইয়াইর লাপিদ। পার্লামেন্টের ২৬তম অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাদের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে তারা একমত হয়েছেন।

সমঝোতা অনুযায়ী, পার্লামেন্টের হাউস কমিটির চেয়ারম্যান পদে রয় ফোকম্যানকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানের নাম প্রস্তাব করা হয়েছে। আর অর্থ কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার জন্য লিরান আভিসার বেন হোরিনকে বেছে নিয়েছেন বিরোধী নেতারা।

এর আগে গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য প্রথম সুযোগ দেন গাদি আইজেনকোটকে। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠন করতে হলে অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে আইজেনকটের নেতৃত্বাধীন জোটের আসন ৪৮টি। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন।

ফলে সরকার গঠনের জন্য আইজেনকটকে আরো কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন আদায় করতে হবে। এ ক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে প্রেসিডেন্ট আরো ১৪ দিন সময় বাড়াতে পারবেন। বিরোধীদের মধ্যে পদ বণ্টন নিয়ে সমঝোতাকে নতুন সরকার গঠনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারাই হবে আইজেনকটের সামনে প্রধান চ্যালেঞ্জ।

সূত্র: এনডিটিভি

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন