ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানে আবারও হামলা চালানো হলে আগের হামলার চেয়ে পাঁচ গুণ বড় আঘাত হানা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখার পক্ষে উপসাগরীয় দেশগুলো। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের নেতাদের সঙ্গে আলোচনার বরাত দিয়ে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সি-স্প্যানের অনুষ্ঠান ‘ওয়াশিংটন জার্নাল প্রাইমটাইম’-এ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

এ সময় তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে প্রকাশ্যে তারা এ কথা স্বীকার করছে না।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় জিতেছি, ইরানেও জিতেছি। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, সবকিছু ধ্বংস করে দিয়েছি। তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি। এমনকি তাদের নেতাদেরও নিশ্চিহ্ন করেছি।’

ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তার ভাষ্য, ইরান একটি চুক্তি করতে চায়। তবে তারা প্রকাশ্যে তা বলছে না।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মূল কথা হলো, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। কারণ, তারা এটি ব্যবহার করবে।’

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তিনি বলেন, ইরান সেখানে কোনো পদক্ষেপ নিতে চাইলে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো তৎপরতা তাদের নজরে আসেনি।

সাক্ষাৎকারে উপসাগরীয় দেশগুলোর অবস্থানের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি জানান, কাতারের প্রধানমন্ত্রী সেদিন হোয়াইট হাউসের ওভাল অফিসে ছিলেন। এ ছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও কুয়েতের সঙ্গেও তার কথা হয়েছে।

ট্রাম্পের দাবি, এসব দেশ নতুন করে বড় ধরনের হামলার পরিবর্তে বর্তমান সামরিক কৌশল বজায় রাখতে চায়। কারণ, নতুন করে হামলা চালানো হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন