আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান

আইএইএ প্রধানের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলল ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। ছবি: রয়টার্স

জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুলেছে ইরান। দেশটির অভিযোগ, বিভিন্ন দেশের পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনায় গ্রোসি একই ধরনের অবস্থান নিচ্ছেন না। ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় তিনি নিন্দা জানালেও ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং দেশটির পরমাণুবিজ্ঞানীদের হত্যার ঘটনায় নিন্দা জানাননি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়েনায় অবস্থিত ইরানের প্রতিনিধিদল এক বিবৃতিতে গ্রোসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক কর্মী নিহত হওয়ার ঘটনায় গ্রোসি কেন কঠোর নিন্দা জানিয়েছেন, অথচ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা কিংবা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার ঘটনায় একই অবস্থান নেননি?

গ্রোসি বিভিন্ন ঘটনায় ‘কঠোর নিন্দা’ শব্দবন্ধ ব্যবহার করেছেন উল্লেখ করে ইরানের প্রতিনিধিদল প্রশ্ন তুলেছে, ‘কিন্তু সব পরিস্থিতিতে কেন এই অবস্থান একইভাবে প্রয়োগ করা হচ্ছে না?’

বিবৃতিতে গ্রোসির বিরুদ্ধে ‘বাছাই করা ক্ষোভ’ প্রকাশের অভিযোগও আনা হয়েছে। এতে বলা হয়েছে, ‘পেশাদারত্বের জন্য ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন