মধ্যপ্রাচ্যর যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি:

ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, লেবানন-গাজায় প্রাণহানি

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, লেবানন-গাজায় প্রাণহানি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিচে তুলে ধরা হলো—

বিজ্ঞাপন

ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ইরানকে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, সংঘাত বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে তেহরানকে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাদের দ্রুত এগোতে হবে। না হলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় ধরনের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। তবে ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ে। এর মধ্যেই বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে।

লেবাননে ইসরাইলি হামলা

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লেবাননের পূর্বাঞ্চলের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ইসলামিক জিহাদের এক কমান্ডার ও তার ১৭ বছর বয়সি মেয়ে নিহত হয়েছেন।

বালবেক শহরের উপকণ্ঠে বিস্ফোরণে ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলি হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

লেবানন কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ইসরাইলি হামলায় ২৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর নিহত হয়েছে ৪০০ জনের বেশি।

সৌদি আরবে ড্রোন ভূপাতিত

সৌদি আরব জানায়, ইরাকের আকাশসীমা থেকে প্রবেশ করা তিনটি ড্রোন রোববার ভূপাতিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ড্রোনগুলো রোববার সকালে প্রবেশ করে।

এ ঘটনায় ‘উপযুক্ত সময় ও স্থানে’ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করছে সৌদি আরব।

গাজায় নিহত ৫

গাজায় রোববার ইসরাইলি হামলা ও গুলিতে পাঁচজন নিহত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে চলমান সহিংসতায় সেখানে অন্তত ৮৭১ জন নিহত হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িতদের নির্মূলের লক্ষ্য প্রায় পূরণ করেছে ইসরাইল।

সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘হত্যাকাণ্ড ও জিম্মি করার পেছনে জড়িত প্রত্যেক পরিকল্পনাকারীর শেষ ব্যক্তি পর্যন্ত নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা এখন সেই লক্ষ্য পূরণের খুব কাছাকাছি।’

যুক্তরাষ্ট্রের ছাড় নেই

ইরানের গণমাধ্যম জানায়, যুদ্ধ বন্ধে আলোচনার জন্য তেহরানের প্রস্তাবিত কর্মসূচির জবাবে ওয়াশিংটন কোনো দৃশ্যমান ছাড় দেয়নি।

মেহর বার্তা সংস্থা বলেছে, ‘যুক্তরাষ্ট্র কোনো বাস্তব ছাড় না দিয়েই যুদ্ধের সময় যে সব ছাড় আদায় করতে পারেনি, তা আলোচনার মাধ্যমে আদায় করতে চাইছে। এতে আলোচনা অচলাবস্থায় পড়বে।’

আমিরাতে পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোন হামলা

আবুধাবি আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে কেউ হতাহত হয়নি। তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে।

আবুধাবি মিডিয়া অফিস জানায়, আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনীর বাইরে একটি বৈদ্যুতিক জেনারেটরে ড্রোন হামলায় আগুন লাগে।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘হুমকি’ বলে উল্লেখ করেছে।

একই ধরণের উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন সামরিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।’

তেহরানে পাকিস্তানি মধ্যস্থতাকারীরা

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি রোববার তেহরানে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকের পর গালিবাফ বলেন, ‘অঞ্চলের কিছু সরকার মনে করেছিল, যুক্তরাষ্ট্রের উপস্থিতি তাদের নিরাপত্তা দেবে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করেছে, এই উপস্থিতি শুধু নিরাপত্তা দিতেই ব্যর্থ নয়, বরং অনিরাপদ পরিবেশও তৈরি করছে।’

ইসলামাবাদ বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

গত মাসে পাকিস্তান উভয় পক্ষের প্রতিনিধিদলের উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজনও করে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন