আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল মার্কিন বৃহত্তম রণতরি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য থেকে ফেরত গেল মার্কিন বৃহত্তম রণতরি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন অভিযানে অংশ নেওয়া বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ গতকাল সোমবার গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে ফিরেছে।

রণতরিটি গত ফেব্রুয়ারি মাসে সৌদা বে থেকে খাবার, জ্বালানি ও গোলাবারুদ সংগ্রহ করেছিল। তবে ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে ক্রু দলের দুই সদস্য আহত হন।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে বড় ধরনের বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এই অভিযানে ‘ফোর্ড’ ছাড়াও ‘আব্রাহাম লিংকন’ নামে আরেকটি মার্কিন বিমানবাহী রণতরি অংশ নেয়।

কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে গঠিত ‘এয়ার উইং’ সমৃদ্ধ দুই রণতরিই ইরান অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে এখন ফোর্ডকে সরিয়ে নেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিতে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হবে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ১২ মার্চ রণতরিটির লন্ড্রি রুমে লাগা আগুনে দুজন নাবিক আহত হওয়ার পাশাপাশি জাহাজের অন্তত ১০০টি শয্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুধু আগুনই নয়, মাঝ সমুদ্রে রণতরিটির টয়লেট নিয়ে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছিল বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, টয়লেটে জট লেগে যাওয়ায় নৌবাহিনীর কর্মীদের এটি ব্যবহারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে।

এ ছাড়া আরও নানা কারণেই এই রণতরিতে থাকা মার্কিন নৌসেনাদের মনোবলেও বড় ধস নেমেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।

সূত্র: এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন