প্রবাসীর স্ত্রী-সন্তান ও অর্থ-স্বর্ণালংকার ফেরতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

প্রবাসীর স্ত্রী-সন্তান ও অর্থ-স্বর্ণালংকার ফেরতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় কুয়েত প্রবাসীর স্ত্রী, সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার ফিরে পেতে এবং অ্যাডভোকেট নয়ন মোল্লার বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রবাসী কল্যাণ সংঘ ও এলাকাবাসীর ব্যানারে বৃহস্পতিবার নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রবাসীর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া প্রবাসী লুৎফর রহমানের ছোট বোন শাহিদা আক্তার বলেন, ‘পারিবারিক মামলা সংক্রান্ত বিষয়ে ভাইয়ের (কুয়েত প্রবাসী লুৎফর রহমান) সঙ্গে পরিচয় হয় নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নয়ন মোল্লার। ভাই কুয়েতে চলে যাওয়ার পর নানা প্রলোভন দেখিয়ে তার স্ত্রী হাফসা আক্তার, ছেলে মো. তাওহিদ (১১), মেয়ে তাসমীম আক্তার (৮) ও স্বর্ণালংকারসহ নগদ টাকাপয়সা হাতিয়ে নেন নয়ন মোল্লা। পরে বিষয়টি জানতে পেরে ভাই দেশে এসে স্ত্রী-সন্তান, অর্থ ও স্বর্ণালংকার ফেরত চাইলে ভাইকে উল্টো হুমকি দেওয়া হয়।’

বিজ্ঞাপন

নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিল বরাবর নয়ন মোল্লার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী লুৎফর রহমান। এরপর স্বেচ্ছাসেবক দল নেতা ও নরসিংদী জজ কোর্টের এপিপি এড. মো. নয়ন মোল্লাকে এপিপির পদ থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের গত ২৫ আগস্ট স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে। তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়টি উল্লেখ না থাকলেও চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১১ নভেম্বর নিয়োগ পাওয়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নরসিংদী জেলার স্বেচ্ছাসেবক দল নেতা ও অ্যাডভোকেট নয়ন মোল্লার নিয়োগ আদেশটি বাতিল করা হলো।

মানববন্ধনে করা অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত অ্যাডভোকেট নয়ন মোল্লা বলেন, ‘হাফসা আক্তারকে কুয়েত প্রবাসী লুৎফর রহমান নানাভাবে নির্যাতন করতেন; তাই হাফসা আক্তার তাকে আইনগতভাবে তালাক দিয়েছেন এবং আমাকে বিয়ে করেছেন। এছাড়া প্রবাসীর কোনো টাকাপয়সা বা স্বর্ণালংকার আমি নিইনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালাচ্ছেন। আমি এ বিষয়ে আইনগত সহায়তা নিয়েছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন