নেপালে ভয়াবহ বন্যার তাণ্ডবের মধ্যে স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের সেফ বা লকার ঘিরে এক অবিশ্বাস্য চুরির ঘটনা ঘটেছে। সেফটি ভেঙে ভেতরের টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর নেপালের রসুয়া জেলার ভতেকোশী এলাকায় বন্যার পানিতে ব্যাংকের একটি সেফ ভেসে যায়। পরবর্তীতে সেটি ধাদিং জেলার গলছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকার ত্রিশূলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়।
ধাদিং পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর তাদের কাছে তথ্য আসে যে স্থানীয় কিছু মানুষ লকারটি ভেঙে ভেতরের নগদ টাকা বের করে নিয়ে গেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়। প্রাথমিক অভিযান চালিয়ে পুলিশ মোট ২৯ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫শ’ নেপালি রুপি উদ্ধার করে।
আটককৃতদের বেশিরভাগই গলছি-৪ এর মাস্তার এলাকার বাসিন্দা। এছাড়া কেউ গলছি-৬ এর আদমঘাট ও সিদ্ধালেকের ৭ নম্বর ওয়ার্ডের আদমতারের বাসিন্দা। আবার কেউ কেউ মূলত চিতওয়ান ও পারসার হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন। আটককৃতদের সবার বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে। উদ্ধারকৃত অর্থের উৎস এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
বন্যার লাশের কান থেকেও সোনা চুরির অভিযোগ
আরেকটি চাঞ্চল্যকর ঘটনায়, নারায়ণী নদীতে ভেসে আসা এক বন্যাদুর্গতের লাশ থেকে কানের সোনার দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বন্যার তোড়ে ভেসে যাওয়া এক নারীর লাশ থেকে দুই ব্যক্তিকে দুল খুলে নিতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।
বন্যা পরিস্থিতি: মৃতের সংখ্যা বেড়ে ৬২৬, নিখোঁজ বহু
ভয়াবহ বন্যার পরিসংখ্যান হালনাগাদ করেছে নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ। শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৬ জনে এবং নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ১ হাজার ৯২৪ জন বলা হলেও নতুন তথ্যে তা ব্যাপকভাবে বেড়েছে। তবে বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকদের সংখ্যা অপরিবর্তিত রয়েছে, যা ৫১৭ জন।
দেশটিতে বন্যা আঘাত হানার তিন দিন পর প্রকাশিত এই সংশোধিত তথ্যের পাশাপাশি এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


