মধ্যপ্রাচ্যকে অনির্দিষ্টকাল ‘না যুদ্ধ, না শান্তি’ অবস্থায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গারগাশ বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং জনগণের ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য সম্পর্কে স্পষ্টতা প্রয়োজন।
তিনি বলেন, আগামী দিনের ভিত্তি কোনো ‘দুর্বল ভিত্তি’ কিংবা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো ব্যবস্থার ওপর তৈরি করা যাবে না।
গারগাশের ভাষায়, “লক্ষ্য হওয়া উচিত স্পষ্ট ও অভিন্ন নিয়মের ভিত্তিতে টেকসই স্থিতিশীলতার দিকে এগিয়ে যাওয়া।”
দীর্ঘস্থায়ী কোনো সমাধানের জন্য ‘শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং শান্তির যুক্তি’—এই নীতিগুলোকে অপরিহার্য ভিত্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই গারগাশের এ মন্তব্য এলো। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টা এখনো অমীমাংসিত রয়েছে। একই সঙ্গে উভয় পক্ষই আবারও সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা নিয়ে সতর্ক করে আসছে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় স্পষ্ট নিয়ম, পারস্পরিক সম্মান ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই জ্যেষ্ঠ কূটনীতিক।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


