বিশ্বের বিভিন্ন দেশে যখন সিক্সজি প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছে, তখনও অনেক অঞ্চলের ব্যবহারকারীরা ফাইভজির পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত। দুর্বল মোবাইল নেটওয়ার্ক, কল ড্রপ, খারাপ ভয়েস কোয়ালিটি কিংবা ধীরগতির ইন্টারনেটের মতো সমস্যায় প্রায়ই পড়তে হয় তাদের।
তবে নেটওয়ার্ক দুর্বল হওয়ার জন্য সবসময় মোবাইল অপারেটরকে দায়ী করা যায় না। ফোনের সেটিংস, সিমকার্ডের অবস্থা কিংবা ব্যবহারকারীর অবস্থানও সিগন্যাল দুর্বল হওয়ার কারণ হতে পারে। কিছু সহজ পদক্ষেপে এসব সমস্যা অনেক সময় সমাধান করা সম্ভব।
এয়ারপ্লেন মোড চালু-বন্ধ করুন
নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে প্রথমে ফোনের এয়ারপ্লেন মোড চালু করে ১০ থেকে ২৫ সেকেন্ড অপেক্ষা করুন। এরপর এটি বন্ধ করলে ফোন আশপাশের মোবাইল নেটওয়ার্কের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের চেষ্টা করবে। এতে অনেক সময় সিগন্যালের মান উন্নত হতে পারে।
ফোন রিস্টার্ট করুন
সাধারণ নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান হিসেবেও ফোন রিস্টার্ট করা যেতে পারে। ডিভাইস পুনরায় চালু হলে এটি কাছাকাছি মোবাইল টাওয়ারের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করে। ফলে কিছু ক্ষেত্রে নেটওয়ার্কের মান আগের তুলনায় ভালো হতে পারে।
প্রয়োজনে নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন
সব এলাকায় ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কের কাভারেজ ও সিগন্যাল সমান শক্তিশালী নয়। কোনো এলাকায় ফাইভজি বা অটো নেটওয়ার্ক মোডে সমস্যা হলে ফোনের সেটিংস থেকে ফোরজি নির্বাচন করে দেখা যেতে পারে। প্রয়োজনে থ্রিজিও ব্যবহার করে দেখা যায়। এতে কল ও ইন্টারনেট ব্যবহারে উন্নতি হতে পারে।
সিমকার্ড পরিষ্কার রাখুন
সিমকার্ডের সংযোগস্থলে ধুলা বা ময়লা জমলেও নেটওয়ার্ক সংযোগে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ফোনটি সম্পূর্ণ বন্ধ করে সিমকার্ড বের করে নরম ও শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে পুনরায় সঠিকভাবে স্লটে বসানো যেতে পারে।
অবস্থান পরিবর্তন করে দেখুন
লিফট, বেজমেন্ট, মোটা কংক্রিটের দেয়ালের কাছাকাছি কিংবা বড় ভবনের ভেতরের অংশে মোবাইল সিগন্যাল দুর্বল হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে জানালার কাছে বা খোলা জায়গায় গেলে অনেক সময় তুলনামূলক ভালো সিগন্যাল পাওয়া যায়।
দীর্ঘদিন সমস্যা থাকলে অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন
সাধারণ নেটওয়ার্ক সমস্যার ক্ষেত্রে ওপরের পদক্ষেপগুলো কাজে লাগতে পারে। তবে একই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বিষয়টি জানানো উচিত। এতে এলাকায় কাভারেজ বা টাওয়ার-সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটিও যাচাই করা সম্ভব হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


