আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের

আমার দেশ অনলাইন

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা ফ্রান্সের
ছবি: সংগৃহীত।

বৈশ্বিক নিরাপত্তা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েক দশকের মধ্যে এটাই হবে প্রথমবারের মতো ফরাসি পারমাণবিক মজুত বৃদ্ধি। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে—যেখানে দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো অবস্থান করে—এক বক্তব্যে ম্যাক্রোঁ জানান, বর্তমানে ৩০০টির কম থাকা ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে কতটি নতুন ওয়ারহেড যুক্ত হবে, তা তিনি উল্লেখ করেননি।

১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাক্রোঁ বলেন, ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার ভূমিকা স্পষ্ট করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার কথাও উল্লেখ করেন।

এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট জানান, মিত্র দেশগুলোতে অস্থায়ীভাবে পারমাণবিক অস্ত্রসজ্জিত বিমান মোতায়েনের অনুমতি দেবে ফ্রান্স। একই সঙ্গে আঘাত হানার সক্ষমতা বাড়াতে “অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে” ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে কাজ করবে বলেও ঘোষণা দেন তিনি।

বিশ্লেষকদের মতে, এ ঘোষণা ইউরোপের নিরাপত্তা নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন