খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
প্রতীকী ছবি

খুলনায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন বাগমারা মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রকাশ্য সড়কে গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন আশিকুর রহমান। এ সময় হঠাৎ দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গুলিবর্ষণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন