হরমুজ সংকটের মধ্যেও সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ

হরমুজ সংকটের মধ্যেও সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ
ছবি: সংগৃহীত

হরমুজ ও বাব আল–মানদেব প্রণালিতে অস্থিরতার মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বড় মুনাফা করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ।

সৌদি আরামকো জানিয়েছে, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তাদের নিট মুনাফা হয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। অপরিশোধিত তেল, পরিশোধিত জ্বালানি ও রাসায়নিক পণ্যের দাম বাড়ায় মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

তবে একই সময়ে সৌদি আরবের তেল খাতে কার্যক্রম কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে দেশটির তেল খাতের কার্যক্রম ২৪ দশমিক ৭ শতাংশ কমেছে। এর প্রভাবে সৌদি আরবের প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বিতীয় প্রান্তিকে ৪ দশমিক ৮ শতাংশ কমেছে।

তেল সরবরাহব্যবস্থায় বিঘ্নের মধ্যেই আরামকোর এই মুনাফার তথ্য প্রকাশ করা হলো। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় হামলার কারণে ওই অঞ্চলে তেল উৎপাদন ও পরিবহন ব্যাহত হচ্ছে।

এ ছাড়া ইয়েমেনের হুথি গোষ্ঠী বাব আল–মানদেব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেছে। এর ফলে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইন ব্যবহারের ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। অন্যদিকে বাব আল–মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। এ দুই নৌপথে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় চাপ তৈরি করেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন