ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি আগামীকাল মন্ত্রীপরিষদের একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে যাচ্ছেন। ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, সরকারি আমন্ত্রণে এ সফরে তিনি গ্যাস সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। খবর আলজাজিরার।
সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি জানান, রাষ্ট্রের নিয়ন্ত্রণে অস্ত্র রাখার বিষয়টি শুধু বাগদাদে আলোচনা হয়েছে। এটি ইরাকের অভ্যন্তরীণ বিষয় এবং দেশের বাইরে এ নিয়ে আলোচনা করা হবে না।
তিনি বলেন, ইরাকের জাতীয় স্বার্থ বিবেচনায় দ্বিপক্ষীয় আলোচনায় জ্বালানি ও গ্যাস সংক্রান্ত বিষয় গুরুত্ব পাবে।
আঞ্চলিক বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরাক কূটনৈতিক সমাধানভিত্তিক উদ্যোগ অনুসরণ করছে বলেও জানান আল-আবুদি।
তিনি আরও বলেন, ইরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু চুক্তি ও সমঝোতা করেছে, যার মধ্যে বিকল্প তেল রপ্তানি পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।
হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে তেল রপ্তানি সুরক্ষিত রাখতে ইরাক মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে বিকল্প রপ্তানি পথ তৈরির পরিকল্পনা করেছে বলে জানান তিনি।
আল-আবুদি বলেন, “ইরাক আবার শক্তি ফিরে পেয়েছে, কোনো সংঘাতের অংশ নয়, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে এবং অর্থনৈতিক স্বার্থকে ভিত্তি করে আরও বিস্তৃত বৈদেশিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে।”
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


