টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

সিলেট রেলওয়ে স্টেশনে অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ট্রেনের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম অভিযানে নেতৃত্বে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযোগ রয়েছে, আটক দুজন অনলাইনে অবৈধভাবে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করে বিভিন্ন ব্যক্তির কাছে বেশি দামে বিক্রি করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ট্রেনের টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযান শেষে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা টিকিট ও মোবাইল ফোনও তদন্তের আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন