ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের

ইরাকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফ্লাইট চালুর আহ্বান ইরানের
ছবি: সংগৃহীত।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরাকের সঙ্গে আকাশপথে যোগাযোগে তৈরি হওয়া বিধিনিষেধ দ্রুত তুলে নিয়ে, স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনর্বহালের জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গত সপ্তাহে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চালু হওয়ার পর তেহরান এ আহ্বান জানাল। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘বেআইনি ও অমানবিক’ বলে উল্লেখ করেছে। নিজেদের এখতিয়ারের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মার্কিন উদ্যোগেরও কঠোর সমালোচনা করেছে তেহরান।

বিবৃতিতে বলা হয়, ইরান ও ইরাকের লাখ লাখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দুই দেশের সরকারের মধ্যে স্বাধীন ও দায়িত্বশীল আলোচনা প্রয়োজন।

এর আগে ইরাকি বার্তা সংস্থা আইএনএ জানায়, চলতি সপ্তাহের সোমবার গভীর রাতে নাজাফ ও ইরানের মধ্যে বিমান চলাচল আবার শুরু হয়। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির বিশেষ উদ্যোগে এ ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

তেহরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত ইয়াসির আব্দুলজহরা আল-হাজ্জাজ বলেন, ইরানগামী ফ্লাইট বন্ধের কোনো সরকারি সিদ্ধান্ত বাগদাদ নেয়নি। বরং মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিগুলো বিমানবন্দরে সেবা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই সংকট তৈরি হয়েছে।

বর্তমানে বাগদাদ, এরবিল ও সুলাইমানিয়া বিমানবন্দরে ফ্লাইট বন্ধ থাকায় হাজার হাজার যাত্রীকে সড়কপথে ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করতে হচ্ছে। এতে বিশেষ করে শিয়া ধর্মাবলম্বী পুণ্যার্থীদের যাতায়াতে বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। ফ্লাইট বন্ধের প্রতিবাদে নাজাফের পাশাপাশি নাসিরিয়া, কারবালা ও আমারাহ শহরেও বিক্ষোভ হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া মার্কিন নিষেধাজ্ঞার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল ৪২ শতাংশ কমেছে। জর্জিয়া, ওমান ও আজারবাইজানের সঙ্গে কয়েকটি বিমান রুটও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এদিকে মানবিক প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা ও ধর্মীয় সফরের বিষয় বিবেচনায় ইরান-সংক্রান্ত বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরাক সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন