ইরানের ওপর অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইরানের ওপর অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। ছবি: আল-জাজিরা

নিজ দেশের জনগণের ওপর ‘নির্মম দমনপীড়ন’ এবং আঞ্চলিক অস্থিরতা তৈরির অভিযোগে ইরানের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে পেনি ওয়াং জানান, ইরান সরকার নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, ‘যাদের ওপর আজ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে এমন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিষ্ঠান রয়েছে যারা নারী ও শিশুদের ওপর সহিংসতাসহ এসব ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত।’

পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের ‘শ্যাডো ব্যাংকিং’ ব্যবস্থা বা ছায়া ব্যাংকিং ব্যবস্থা। যার মাধ্যমে ইরান হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে এবং নিজেদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিসহ বিভিন্ন অস্থিতিশীল কার্যক্রম পরিচালনা করে।

এর আগে সোমবার যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের এই পদক্ষেপ ‘ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক রোষ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ইরানের অস্ত্র কর্মসূচি, সশস্ত্র গোষ্ঠী এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় অর্থের জোগান বন্ধ করা।

সূত্র: আল-জাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন