মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে একটি অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন শুক্রবারের মধ্যেই এই প্রস্তাবের বিষয়ে ইরানের কাছ থেকে সাড়া প্রত্যাশা করছে। তবে তেহরান জানিয়েছে, প্রস্তাবটি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং তারা কোনো মার্কিন 'আল্টিমেটাম' মেনে চলবে না।
গত মাসে ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য একে অপরকে দায়ী করছে উভয় পক্ষ। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় নতুন করে বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার মার্কিন বাহিনী দুটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায়। এরপরই ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি আজ রাতেই ইরানের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার অপেক্ষায় আছেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেছেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়, যুক্তরাষ্ট্র তখনই সামরিক অভিযানে লিপ্ত হয়।
তিনি আরো বলেন, যুদ্ধবিরতির এই বিরতিতে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ও সক্ষমতা আরো বাড়িয়েছে।
যুদ্ধের উত্তেজনা থাকলেও নেপথ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ইরানের কাছে একটি সংক্ষিপ্ত স্মারক পৌঁছে দিয়েছে, যা স্থায়ী যুদ্ধবিরতির ভিত্তি হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন।
কেন দেরি করছে ইরান?
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মার্কিন প্রস্তাবটি অত্যন্ত কারিগরি ও জটিল।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অন্তত ৬০ দিনের একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল ইস্যুগুলো নিয়ে আলোচনার পথ প্রশস্ত করবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, এই চুক্তি স্বাক্ষরিত না হলে ইরানকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহ করা হয়। এটি বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। তবে সাময়িক চুক্তির সম্ভাবনায় গত বৃহস্পতিবার বিশ্ব শেয়ারবাজারে চাঞ্চল্য দেখা গিয়েছিল, যদিও শুক্রবার তেলের দাম আবারো উর্ধ্বমুখী হয়েছে।
এদিকে, এই যুদ্ধের প্রভাব লেবাননেও পড়ছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইসরাইলের মধ্যে উত্তেজনা নিরসনে আগামী সপ্তাহে মধ্যস্থতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও আলজাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


