উদ্বাস্তু থেকে উদ্যোক্তা, প্রশিক্ষণ শেষে ১৯ নারীর নতুন যাত্রা

উদ্বাস্তু থেকে উদ্যোক্তা, প্রশিক্ষণ শেষে ১৯ নারীর নতুন যাত্রা
খুলনায় জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীতে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ। ছবি: আমার দেশ

জলবায়ু উদ্বাস্তু হিসেবে উপকূলীয় জনপদ থেকে বাস্তুভিটা ত্যাগ করে শহরে এসে আশ্রয় নেওয়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) চতুর্থ দফায় ১৯ জন নারী ও তরুণীকে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেট ও ব্যবসার পুঁজি হিসেবে ২৭ হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে চেক ও সনদ তুলে দেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিটি করপোরেশনের আর্কিটেক্ট রেজবিনা খানম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী।

জেজেএস-এর লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে ‘অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় অন-জব ট্রেনিংয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রকল্পের অগ্রগতি শেয়ারিং, সার্টিফিকেট ও চেক বিতরণ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র ডিরেক্টর (প্রোগ্রাম) এম. এম. চিসতি। স্বাগত বক্তব্য রাখেন জেজেএস নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সোহেল রানা।

এসময় বক্তব্য দেন সাংবাদিক এহতেশামুল হক শাওন ও এইচ. এম. আলাউদ্দিন, প্রশিক্ষক কাকলী আক্তার এবং প্রশিক্ষণার্থী আজমিরা আক্তার ইভা, মরিয়ম, সুরাইয়া আক্তার নূপুর ও শামীমা আক্তার শাম্মী প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, নিজেদের যোগ্য করে তোলার জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে চাহিদা অনুযায়ী ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে রেমিট্যান্স আয়ের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। জলবায়ু পরিবর্তনজনিত বা দুর্যোগ কবলিত হয়ে শহরে আসা উদ্বাস্তুদের পাশাপাশি সুন্দরবনের যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে তাদেরকেও কর্মসংস্থানে সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন