ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার তুর্কি সমকক্ষ মন্ত্রী হাকান ফিদানকে ফোনে এই সিদ্ধান্তের কথা জানান। খবর আলজাজিরার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, ফোনালাপে আরাগচি বলেছেন, ‘শত্রুদের অশুভ তৎপরতা’ বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী থামবে না। তিনি দাবি করেন, যেসব ঘাঁটি থেকে ইরানের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছে, কেবল সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করে।
তুরস্কের আকাশসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই ঘটনার পরপরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হলো।
এর আগে তুরস্ক জানায়, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের ওপর ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, তা স্পষ্ট নয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমধ্যসাগর উপকূলের দরতিয়ল এলাকায় পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

