লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের

লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি প্রেসিডেন্ট আউনের
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হামলা বন্ধ এবং আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপেরও সমালোচনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

আউন বলেছেন, ইসরাইলের দখলদারত্ব এবং ইরানের প্রভাবশালী মহলের হস্তক্ষেপ—এই দুই কারণে লেবাননের স্বাধীনতা এখনো পূর্ণতা পায়নি।

শনিবার লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন জোসেফ আউন। তিনি বলেন, দেশটি বর্তমানে দুটি পরস্পর সম্পর্কযুক্ত সংকটের মুখে রয়েছে। এর একটি হলো, দেশের ভূখণ্ডের কিছু অংশে ইসরাইলের দখলদারত্ব। অন্যটি হলো, ইরানের শাসকগোষ্ঠীর কিছু প্রভাবশালী পক্ষের মাধ্যমে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ। অস্ত্রের ব্যবহার এবং লেবানন রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই হস্তক্ষেপ করা হচ্ছে।

আউন বলেন, এই দুটি মৌলিক বাধা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে লেবানন এখনো পুরোপুরি স্বাধীনতা উদ্‌যাপন করতে পারছে না।

ইসরাইলের উদ্দেশে তিনি বলেন, ‘লেবাননের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করুন। হামলা বন্ধ করুন। আমাদের আটক ব্যক্তিদের ফিরিয়ে দিন।’

ধারণা করা হচ্ছে, ইসরাইলের বিভিন্ন বন্দিশিবিরে অসংখ্য লেবাননের নাগরিক আটক রয়েছেন। তাদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি হিজবুল্লাহর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন। দক্ষিণ লেবাননে সংঘাতের সময় তাদের আটক করা হয়েছিল।

লেবাননের প্রেসিডেন্ট আরো বলেন, দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ চালিয়ে যাবেন। রাষ্ট্রের বাইরে থেকে বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় বা তাদের স্বার্থ রক্ষা করে—এমন কোনো অস্ত্র দেশের ভেতরে থাকতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।

আউন বলেন, ‘আপনাদের অস্ত্র সরকারের কাছে হস্তান্তর করতে হবে।’

লেবানন সরকার দীর্ঘদিন ধরেই ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সংগঠনটির অস্ত্রভান্ডার দেশটির জাতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারের চেয়েও অনেক বড়। ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলে হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে নিজেদের অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়ে আসছে।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর লেবানন ও ইসরাইল একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।

তবে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি থমকে গেছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি হয়নি। অন্যদিকে ইসরাইলও লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা

এদিকে শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ, বিনত জুবাইল ও মারজাইউন জেলায় ইসরাইলি হামলার ঘটনা ঘটেছে।

আলজাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, বিনত জুবাইল জেলার বারাআচিত শহরের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলার একটি ঘটনা ঘটেছে।

তাদের তথ্য অনুযায়ী, ভোরের দিকে শহরটিতে ইসরাইলি সেনারা গুলিবর্ষণ করে। এ সময় শহরের উপকণ্ঠে ইসরাইলি সামরিক যানবাহনের চলাচলও দেখা যায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার কাফর তেবনিত শহরে ইসরাইলি যুদ্ধবিমান দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে চালানো প্রথম ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত না হওয়ায় দ্বিতীয়বার হামলা করা হয়।

এ ছাড়া মারজাইউন জেলার ওয়াদি আল-খিয়াম এলাকায় ইসরাইলি বাহিনী তিনটি বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে এনএনএ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪ হাজার ৩৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৪০৭ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় মোট ৮ হাজার ৯৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ হাজার ৬৪৩ জন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...