অলিম্পিকে মহাপরিচালক ‘ঠিক’ করে দিচ্ছে এনএসসি!

অলিম্পিকে মহাপরিচালক ‘ঠিক’ করে দিচ্ছে এনএসসি!

গত ১৯ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বরাবর একটি চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ লাইনের সেই স্মারক চিঠিতে এনএসসি বিষয়বস্তু হিসেবে মোটা হরফে যে শিরোনাম দিয়েছে, সেটা বেশ শান্তশিষ্ট। বিষয়ের শিরোনামটা ঠিক এমন-‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম সমন্বয় প্রসঙ্গে’।

যেন বিষয়বস্তু ভীষণ নিরীহ গোছের। মনে হতে পারে বিওএর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যক্রম সমন্বয় সাধন করার জন্য মরিয়া। বিওএর সব কাজ যেন এনএসসি ত্বরিতগতিতে সমাধান করে দিতে পারে, সেজন্য এই প্রচেষ্টা; এই চিঠি। স্মারকের ভূমিকায়ও সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য অর্জনে এই ত্রিপক্ষীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

আদরমাখা এই ভূমিকার পর এনএসসি আবদার ও অনুরোধের ভঙ্গিতে যে ‘নির্দেশাবলি’ দিয়েছে, সেখানে ‘হুকুমজারি’ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মুঠোবন্দি করার সুদূরপ্রসারী একটা দুরভিসন্ধি বা চাতুর্যপনার ছাপ স্পষ্ট।

এই চিঠিতে বলা হয়েছে, বিওএতে মহাপরিচালক পদে প্রচলিত নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ‘মহাপরিচালক’ হিসেবে পদায়ন করা হয়ে থাকে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাপ্তরিক চিঠিতে যোগাযোগ, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও সুসংহত করার স্বার্থে মহাপরিচালক পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত (নিয়মিত) একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে প্রেষণে/সংযুক্তিতে পদায়ন করা হলে তা অধিকতর ফলপ্রসূ হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে।

স্মারকপত্রের তৃতীয় অনুচ্ছেদে নিজেদের ইচ্ছেটা আরো পরিষ্কার করে এনএসসি লিখেছে, এমতাবস্থায় বিওএ মহাপরিচালক পদে নিয়মিত কর্মরত একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পদায়নের বিষয়টি সদয় বিবেচনার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

‘বড় স্যার’ নির্দেশ করলে সেটা আর বিনীত অনুরোধ রইল কই? ‘সদয় বিবেচনা’র জায়গায় তখন আপনাকে সেটা পড়তে হবে ‘অবশ্য পালনীয় কর্ম’ হিসেবে!

প্রশ্ন হলো, বিওএর কোনো পদে কাউকে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ অনুরোধ বা আবদারের আড়ালে এমন নির্দেশাবলি জারি করতে পারে কি-না?

উত্তর হলো, না, পারে না। এনএসসির সেই এখতিয়ার নেই। বিওএর কাউন্সিলরদের পদত্যাগ করার হুমকি দিয়ে এর আগে এমন ক্ষমতার আস্ফালন দেখিয়েছিলেন এনএসসির ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। তার সেই হুমকিতে কয়েকজন হাঁটু গেড়ে বিওএর কাউন্সিলরশিপ থেকে পদত্যাগের চিঠি দিয়েছিলেন। অলিম্পিকে অস্থিরতা তৈরির সেই ষড়যন্ত্র আমার দেশ পত্রিকা ফাঁস করেছিল। এবার মহাপরিচালক পদে কাকে এবং কোন পদবিধারীকে নিয়োগ দিতে হবে-এমন নির্দেশনা জারি করে এনএসসি আরেকবার ক্ষমতার ভুল ব্যবহার করল।

বিওএতে মহাপরিচালক পদে প্রচলিত নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ‘মহাপরিচালক’ হিসেবে পদায়ন করা হয়ে থাকে বলে এনএসসির চিঠিতে লেখা রয়েছে।

এনএসসি এই ‘প্রচলিত নিয়ম’ কোথা থেকে আবিস্কার করল? বিওএ’র গঠনতন্ত্রে কি এই ‘নিয়ম’ এর কোনো উল্লেখ আছে? নাকি নিজ পছন্দের নিয়মকে ‘প্রচলিত নিয়ম’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে?

বিওএর গঠনতন্ত্রের সার্ভিস পলিসির পার্ট এ-তে চাকরির যে নীতিমালা রয়েছে, সেখানে কোথাও এনএসসির এমন এখতিয়ার বা নির্দেশাবলি বা হুকুমজারি প্রদানের কোনো কথা উল্লেখ নেই। দ্বিতীয়ত, বিওএর মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল বা কর্নেল বা সেনাবাহিনী থেকেই কাউকে নিয়োগ দিতে হবে-এমন বিধিবিধানের কোনো উল্লেখ নেই। এ পদে নিয়োগের যোগ্যতার মাপকাঠি কখনই কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের আওতাধীন কোনো গ্রেডের কাউকে হতে হবে-তারও উল্লেখ নেই।

তারপরও কেন মহাপরিচালক পদে কাউকে শুধু সেনাবাহিনী থেকেই নিয়োগের এমন প্রচলন করার বন্দোবস্ত করা হয়েছে?

জানি উত্তরটা কি হবে। যেহেতু সেনাবাহিনী প্রধানকে বিওএর সভাপতি করার একটা প্রচলন চালু হয়েছে সেই ১৯৯৬ সাল থেকে, তাই মহাপরিচালকের চাকরিতে এই সংস্থা থেকে কাউকে নিয়োগ দিলে দাপ্তরিক যোগাযোগ, প্রশাসনিক সমন্বয় কার্যক্রম আরো গতিশীল হয়, আরো কার্যকর হয়, আরো সুসংহত হয়… ইত্যাদি ইত্যাদি।

বিওএতে মহাপরিচালক পদটি কিন্তু একটি চাকরি। পুরো বিওএ মূলত পরিচালিত হয় নির্বাহী কমিটি দ্বারা। সেই নির্বাহী কমিটি কিন্তু নির্বাচিত, যা আবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অনুমোদিত। বিওএর নির্বাচিত নির্বাহী কমিটি যেসব সিদ্ধান্ত নেবে, মহাপরিচালক তার অবস্থান থেকে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবেন। নির্বাহী কমিটির অনুমোদন নেই-এমন কোনো সিদ্ধান্ত মহাপরিচালক এককভাবে নিজের ইচ্ছেমাফিক নিতে পারবেন না। সেই এখতিয়ারও তার নেই। কারণ, বিওএর এই নির্বাহী কমিটির কাছে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমেই মহাপরিচালক নিযুক্ত হন। মহাপরিচালক পদের জন্য বিওএর মানবসম্পদ বিভাগ থেকে চাকরির আহ্বান করা হয়। সেই নোটিস পত্রিকায় প্রকাশও করতে হয়। তারপর আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

প্রক্রিয়াটা মূলত এটাই।

এখতিয়ার এবং অধিকারের বাইরে থাকা এমনসব বিষয় নিয়ে এনএসসি যেভাবে বিওএকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, তাতে হিতে বিপরীত হতে পারে। আইওসির চার্টারে স্পষ্ট লেখা আছে-জাতীয় অলিম্পিক কাউন্সিলের কার্যক্রম এবং এর পরিচালনার ওপর সে দেশের সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। যদি এমন কোনো ঘটনা আইওসির দৃষ্টিগোচর হয়, তবে তারা সংশ্লিষ্ট দেশের জাতীয় অলিম্পিক কাউন্সিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

এ প্রসঙ্গে আইওসি চার্টারের একটি ধারায় যা বলা হয়েছে, তা ঠিক এমনÑ‘অলিম্পিক সনদ লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থা ও শাস্তিমূলক পদক্ষেপের বাইরেও কোনো দেশে অলিম্পিক আন্দোলনের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) কার্যক্রম স্থগিত করা কিংবা স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত। কোনো দেশের প্রচলিত সংবিধান, আইন বা অন্যান্য বিধিবিধান কিংবা সরকারি বা অন্য কোনো সংস্থার গৃহীত পদক্ষেপের কারণে যদি এনওসির কার্যক্রম পরিচালনা, নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ অথবা সে সিদ্ধান্ত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, সে ক্ষেত্রে আইওসি এমন ব্যবস্থা নিতে পারবে।’

এমন পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের উদাহরণও খুব বেশি পুরোনো নয়। জাতীয় অলিম্পিক কাউন্সিলের ওপর সরকারি হস্তক্ষেপের দায়ে ২০০৯ সালে কুয়েত, ২০০৮ সালে ইরাক এবং সবশেষ ২০২২ সালে গুয়েতেমালাকে আইওসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।

উপরোক্ত তিনটি জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ বা তাদের কার্যক্রম স্থগিত করার পাশাপাশি সরকারি হস্তক্ষেপ এবং আইওসি সনদের বিধান প্রতিপালনে ব্যর্থতার কারণে আরো কয়েকটি দেশের এনওসিকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে তাদের এনওসির জন্য বরাদ্দকৃত অর্থায়নও কমিয়ে দেওয়া হয়েছে। সেই দেশগুলো হলো-নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া ও ভারত।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যাতে একটু আপডেট হয়, তাই এই তথ্যটা দেওয়া!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...