লিবিয়ার বিভাজন নিরসনে নতুন কূটনৈতিক উদ্যোগ তুরস্কের

লিবিয়ার বিভাজন নিরসনে নতুন কূটনৈতিক উদ্যোগ তুরস্কের

লিবিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন ও সংঘাতের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় নেতা খলিফা হাফতারের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অনুষ্ঠিত এ বৈঠককে লিবিয়ার দুই পক্ষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে আঙ্কারার নতুন কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষের সঙ্গে তুরস্কের সম্পর্ক অতীতে উত্তেজনাপূর্ণ ছিল। ২০১৯-২০ সালে খলিফা হাফতারের বাহিনী রাজধানী ত্রিপোলি দখলের চেষ্টা করলে তুরস্ক ত্রিপোলিভিত্তিক সরকারের পক্ষে সামরিক সহায়তা দেয়। তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা পূর্বাঞ্চলীয় বাহিনীর সঙ্গেও যোগাযোগ ও সহযোগিতা বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও বেনগাজিতে হাফতারের ছেলে ও লিবিয়ান ন্যাশনাল আর্মির উপপ্রধান সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেন। ওই আলোচনায় লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলের প্রশাসন ও সামরিক বাহিনীকে একক কাঠামোর আওতায় আনার প্রচেষ্টা এবং দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

গত ২৪ জুলাই আঙ্কারায় সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও। তবে ওই বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পর্যবেক্ষকদের মতে, লিবিয়ার বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় শুধু ত্রিপোলিভিত্তিক সরকারের সঙ্গে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে পূর্বাঞ্চলের শক্তিশালী হাফতার শিবিরের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে চাইছে তুরস্ক। এর মাধ্যমে দেশটিতে রাজনৈতিক সমাধান, নিরাপত্তা সহযোগিতা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার চেষ্টা করছে আঙ্কারা।

লিবিয়ায় বর্তমানে পূর্ব ও পশ্চিমাঞ্চলভিত্তিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক ও সামরিক শক্তির মধ্যে বিভাজন রয়েছে। ফলে দেশটির স্থিতিশীলতা ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার প্রচেষ্টা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

সূত্র: দ্য আরব উইকলি, আনাদুলু এজেন্সি ও এপি নিউজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন