যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি আসিয়ানের আহ্বান

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি আসিয়ানের আহ্বান
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা এই সাময়িক যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে অগ্রসরমান পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞাপন

একটি যৌথ বিবৃতিতে ১০ সদস্যের এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা জ্বালানি প্রবাহ এবং বাণিজ্যপথের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরেছেন।

যৌথ বিবৃতিতে তারা হরমুজ প্রণালিতে জাহাজ ও বিমানের নিরাপদ, বাধাহীন ও নিরবচ্ছিন্ন চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান। একই সঙ্গে তারা সব পক্ষকে ‘সমুদ্রে জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সনদ’ (সোলাস) অনুযায়ী নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।’

মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পাকিস্তান ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রশংসা করেছেন আসিয়ান জোটের মন্ত্রীরা। এর পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানকে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা আরো বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক আইন সমুন্নত রাখাকে এবং আন্তরিক সংলাপ ও কূটনীতিকে উৎসাহিত করার গুরুত্বের ওপর জোর দিচ্ছি।

যদিও দক্ষিণ-পূর্ব এশিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে জীবাশ্ম জ্বালানির মজুত রয়েছে, তবু এই অঞ্চল আমদানিকৃত তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার বেশির ভাগই হরমুজ প্রণালি দিয়ে পাঠানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন