ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে চুমুরদী ইউনিয়নের বাবলাতলা পুরোনো সরু সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান পটুয়াখালীর সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে, সালাউদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দুই যুবক মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ এলাকা বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে চুমুরদীর বাবলাতলা এলাকার পুরোনো সরু সেতুতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই কাজী ওবায়দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

