ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত ছোট্ট দেশ লেবানন। আয়তনে খুব বড় না হলেও ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে দেশটির অবস্থান বেশ সমৃদ্ধ। একদিকে তুষারঢাকা পাহাড়, অন্যদিকে নীল সমুদ্রের বিস্তীর্ণ উপকূল। কোথাও হাজার বছরের পুরোনো রোমান স্থাপত্য, কোথাও ফিনিশীয় সভ্যতার নিদর্শন, আবার কোথাও মধ্যযুগীয় দুর্গ ও প্রাচীন ধর্মীয় স্থাপনা। সব মিলিয়ে লেবানন পশ্চিম এশিয়ার অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় দেশ।
প্রাচীন সভ্যতার নানা উত্থান-পতনের সাক্ষী এ দেশটির মাটিতে ছড়িয়ে রয়েছে ক্যানানীয়, ফিনিশীয়, গ্রিক, রোমান, বাইজেন্টাইন, আরব ও উসমানীয় সভ্যতার নিদর্শন। পাহাড়ি গ্রাম, সবুজ উপত্যকা, ভূমধ্যসাগরের সৈকত, ঐতিহাসিক দুর্গ, জাদুঘর এবং সুস্বাদু খাবার লেবাননের পর্যটন আকর্ষণকে করেছে বৈচিত্র্যময়।
দেশটির রাজধানী বৈরুত একসময় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাণবন্ত সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। অল্প দূরত্বের মধ্যেই সমুদ্রসৈকত, পাহাড়, প্রাচীন শহর ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ লেবাননকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। তবে প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক ঐতিহ্যের পাশাপাশি দেশটির বর্তমান বাস্তবতাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের পর ২০২৫ সালে পর্যটন খাতে কিছুটা পুনরুদ্ধার দেখা গেলেও ২০২৬ সালে নতুন করে সংঘাত পরিস্থিতি সেই অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে। ফলে লেবাননের পর্যটন নিয়ে আলোচনা করতে গেলে দেশটির নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনায় রাখা জরুরি।
এক নজরে লেবানন
সরকারি নাম লেবানিজ রিপাবলিক; রাজধানী ও বৃহত্তম শহর বৈরুত; অবস্থান পশ্চিম এশিয়া; রাষ্ট্রভাষা আরবি; প্রচলিত অন্যান্য ভাষা ফরাসি, ইংরেজি ও আর্মেনীয়; জাতীয়তা লেবানিজ; রাষ্ট্রপতি জোসেফ আউন; প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম; পার্লামেন্টের স্পিকার নবিহ বেরি; সরকারব্যবস্থা সংসদীয় প্রজাতন্ত্র ও ধর্মীয় সম্প্রদায়ভিত্তিক ক্ষমতা বণ্টন; আইনসভা এককক্ষবিশিষ্ট পার্লামেন্ট; প্রশাসনিক বিভাগ ৮টি গভর্নরেট; আয়তন ১০ হাজার ৪৫২ বর্গকিলোমিটার; জনসংখ্যা প্রায় ৫৮ লাখ ৪৯ হাজার (২০২৫ সালের হিসাব); মুদ্রা লেবানিজ পাউন্ড; স্বাধীনতা ঘোষণা ২২ নভেম্বর ১৯৪৩; জাতিসংঘের সদস্যপদ লাভ ২৪ অক্টোবর ১৯৪৫।
ইতিহাসের দীর্ঘ পথপরিক্রমা
লেবাননের ইতিহাস হাজার হাজার বছরের পুরোনো। ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থানের কারণে প্রাচীনকাল থেকেই অঞ্চলটি বাণিজ্য, নৌপরিবহন ও সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশেষ করে ফিনিশীয় সভ্যতার বিকাশে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রাচীন ফিনিশীয়রা দক্ষ নাবিক ও বণিক হিসেবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যাপক পরিচিতি অর্জন করেছিল। তাদের বাণিজ্যিক যোগাযোগ উত্তর আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল।
পরবর্তী সময়ে গ্রিক, রোমান, বাইজেন্টাইন ও আরব শাসনের প্রভাব পড়ে লেবাননের সমাজ ও সংস্কৃতিতে। ষোড়শ শতাব্দী থেকে প্রথম বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত অঞ্চলটি উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। যুদ্ধের পর ফরাসি ম্যান্ডেট শাসন প্রতিষ্ঠিত হয়। ১৯৪৩ সালে স্বাধীনতা অর্জন করে লেবানন। তবে ফরাসি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার হয় ১৯৪৬ সালে।
স্বাধীনতার পরও রাজনৈতিক অস্থিরতা, আঞ্চলিক সংঘাত ও বিদেশি হস্তক্ষেপ দেশটির ইতিহাসকে বারবার প্রভাবিত করেছে। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধ লেবাননের জন্য ছিল ভয়াবহ অধ্যায়। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। পরবর্তী সময়ে দেশটি পুনর্গঠনের চেষ্টা করলেও রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক সংকট এবং আঞ্চলিক উত্তেজনা কাটিয়ে ওঠা সহজ হয়নি।
ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ
লেবাননের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য। এখানে সুন্নি ও শিয়া মুসলমান, বিভিন্ন খ্রিষ্টান সম্প্রদায় এবং দ্রুজ জনগোষ্ঠীর বসবাস। দেশটির ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে মারোনাইট খ্রিষ্টান, গ্রিক অর্থোডক্স, গ্রিক ক্যাথলিকসহ বিভিন্ন গোষ্ঠী রয়েছে। লেবাননের রাজনৈতিক কাঠামোতেও ধর্মীয় সম্প্রদায়গুলোর প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রচলিত ক্ষমতা বণ্টনব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রপতি হন একজন মারোনাইট খ্রিষ্টান, প্রধানমন্ত্রী হন সুন্নি মুসলমান এবং পার্লামেন্টের স্পিকার হন শিয়া মুসলমান। পার্লামেন্টের ১২৮টি আসন মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টিত।
এ ধরনের ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়। তবে ক্ষমতা বণ্টন নিয়ে মতবিরোধ ও রাজনৈতিক বিভাজন দেশটির শাসনব্যবস্থায় দীর্ঘদিনের চ্যালেঞ্জ। লেবাননের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের সদস্যরা চার বছরের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতির মেয়াদ ছয় বছর। পার্লামেন্টের সঙ্গে পরামর্শক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। দেশটির রাজনৈতিক ব্যবস্থা সংসদীয় হলেও ধর্মীয় সম্প্রদায়ভিত্তিক ক্ষমতা বণ্টন একে অন্য অনেক দেশের তুলনায় আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
পাহাড়, সমুদ্র আর সবুজ উপত্যকার দেশ
ভৌগোলিকভাবে লেবানন বেশ বৈচিত্র্যময়। পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর ও পূর্বে সিরিয়া এবং দক্ষিণে ইসরায়েল। দেশটির ভূপ্রকৃতির বড় অংশজুড়ে রয়েছে পাহাড় ও উপত্যকা। উপকূলের সমান্তরালে বিস্তৃত মাউন্ট লেবানন পর্বতমালা দেশটির অন্যতম প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য। এর পূর্ব দিকে রয়েছে অ্যান্টি-লেবানন পর্বতমালা। দুই পর্বতমালার মাঝখানে বিস্তৃত বেকা উপত্যকা কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ।
শীতকালে মাউন্ট লেবাননের উঁচু অংশে তুষারপাত হয়। ফলে একই সময়ে দেশটির উপকূলীয় এলাকায় তুলনামূলক উষ্ণ আবহাওয়া এবং পাহাড়ি এলাকায় শীতের পরিবেশ দেখা যায়। এ বৈচিত্র্য লেবাননকে বিশেষ ভৌগোলিক পরিচিতি দিয়েছে। লেবাননে মরুভূমি নেই। দেশটির পাহাড়ি অঞ্চল থেকে বেশ কয়েকটি নদীর উৎপত্তি হয়েছে। এর মধ্যে লিটানি ও ওরন্টস নদী উল্লেখযোগ্য। নদীগুলো কৃষি ও পানিসম্পদের জন্য গুরুত্বপূর্ণ।
লেবাননের জাতীয় প্রতীক সিডার বা দেবদারু গাছ। প্রাচীনকাল থেকেই এ গাছ দেশটির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। একসময় মাউন্ট লেবাননের বিস্তীর্ণ অঞ্চল সিডার বনে আচ্ছাদিত ছিল। বর্তমানে সংরক্ষিত বনাঞ্চলগুলোতে সেই প্রাচীন প্রাকৃতিক ঐতিহ্যের কিছু নিদর্শন টিকে রয়েছে।
অর্থনীতি ও কৃষি
লেবাননের অর্থনীতি ঐতিহাসিকভাবে ব্যাংকিং, বাণিজ্য, পর্যটন, সেবা খাত ও প্রবাসীদের পাঠানো অর্থের ওপর নির্ভরশীল। তবে ২০১৯ সাল থেকে দেশটি ভয়াবহ আর্থিক ও ব্যাংকিং সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মুদ্রার মূল্যহ্রাস, ব্যাংকিং খাতে অস্থিরতা, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলেছে।
দেশটির অর্থনীতিতে কৃষিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে বেকা উপত্যকা কৃষিকাজের জন্য পরিচিত। আঙুর, আপেল, জলপাই, টমেটো, আলু, বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলমূল উৎপাদিত হয়। আঙুর চাষের পাশাপাশি এখানে ওয়াইন উৎপাদনেরও দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ ছাড়া ভেড়া ও ছাগল পালন গ্রামীণ অর্থনীতির অংশ।
লেবাননের পাহাড়ি অঞ্চল ও উপকূলীয় সমভূমি কৃষি উৎপাদনে ভিন্ন ভিন্ন সুবিধা দেয়। একদিকে পাহাড়ি এলাকায় ফল ও আঙুরের বাগান, অন্যদিকে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন শাকসবজি ও ফলের চাষ দেখা যায়।
প্রশাসনিক বিভাগ
লেবানন আটটি গভর্নরেট বা মুহাফাজায় বিভক্ত। এগুলো হলো—আক্কার, বালবেক-হারমেল, বৈরুত, বেকা, মাউন্ট লেবানন, উত্তর লেবানন, দক্ষিণ লেবানন ও নাবাতিয়েহ। প্রতিটি গভর্নরেট আবার কয়েকটি জেলায় বিভক্ত। এসব অঞ্চলের অর্থনীতি, জনসংখ্যা, কৃষি, পর্যটন ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য রয়েছে।
পর্যটন ও অর্থনীতি: সম্ভাবনার পাশাপাশি সংকট
একসময় লেবাননের অর্থনীতিতে পর্যটন ছিল গুরুত্বপূর্ণ খাত। বৈরুতের প্রাণবন্ত নগরজীবন, ভূমধ্যসাগরের সৈকত, পাহাড়ি অবকাশকেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা ও খাবারের বৈচিত্র্য বিদেশি পর্যটকদের আকর্ষণ করত।
লেবাননের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে পর্যটক আগমনের সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ ৩৫ হাজার। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা প্রায় ৪৪ দশমিক ৬ শতাংশ বেশি। তবে ২০২৩ সালের তুলনায় তা কিছুটা কম ছিল। অর্থাৎ পর্যটন খাতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা গেলেও আগের অবস্থায় পুরোপুরি ফিরতে পারেনি দেশটি।
কিন্তু ২০২৬ সালে নতুন করে সংঘাত পরিস্থিতি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারকে বড় ধাক্কা দেয়। বিশ্বব্যাংকের ২১ আগস্ট ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়, সংঘাতের কারণে লেবাননের অর্থনীতি চলতি বছর ৬ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে। ২০২৫ সালে ৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পর এ পরিস্থিতি দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করেছে। পর্যটন, অভ্যন্তরীণ ভোগ, বিনিয়োগ ও সরবরাহব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।
লেবাননের প্রধান শহর ও দর্শনীয় স্থান
লেবাননের পর্যটন আকর্ষণের বড় অংশ ছড়িয়ে রয়েছে দেশটির বিভিন্ন শহর ও পাহাড়ি অঞ্চলে। প্রতিটি জায়গার রয়েছে আলাদা ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈশিষ্ট্য।
বৈরুত: লেবাননের প্রাণকেন্দ্র
বৈরুত লেবাননের রাজধানী ও বৃহত্তম শহর। একই সঙ্গে এটি দেশটির প্রধান সমুদ্রবন্দর, বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। প্রাচীনকাল থেকেই শহরটি ভূমধ্যসাগরীয় বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ থেকেই এখানে জনবসতির অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ইতিহাসের বিভিন্ন সময়ে যুদ্ধ, ভূমিকম্প ও বিস্ফোরণে বৈরুত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ২০২০ সালের ৪ আগস্ট বন্দরে ভয়াবহ বিস্ফোরণে শহরের বড় অংশ বিধ্বস্ত হয়। এরপরও শহরটি পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৈরুতের কেন্দ্রস্থলে অবস্থিত সেন্ট্রাল ডিস্ট্রিক্ট দেশটির ব্যবসা-বাণিজ্য, শিল্প-সংস্কৃতি ও বিনোদনের অন্যতম কেন্দ্র। এখানে রয়েছে পার্লামেন্ট ভবন, ঐতিহাসিক নাজমে স্কয়ার, বিখ্যাত ক্লক টাওয়ার, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও বিপণিবিতান। শহরের অন্যতম আকর্ষণ কর্নিশ। ভূমধ্যসাগরের তীর ধরে বিস্তৃত এ উপকূলীয় পথ থেকে সমুদ্র ও দূরের পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। কর্নিশের কাছেই রয়েছে বিখ্যাত রাউশে বা পিজিয়ন রকস। সমুদ্রের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল পাথুরে গঠন দুটি বৈরুতের অন্যতম পরিচিত প্রাকৃতিক নিদর্শন। শহরটিতে রয়েছে গ্র্যান্ড ওমারি মসজিদ, মোহাম্মদ আল-আমিন মসজিদ, বিভিন্ন গির্জা, জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা। মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস বৈরুতকে দিয়েছে বহুমাত্রিক পরিচয়।
জেইতা গ্রোটো: ভূগর্ভের বিস্ময়কর জগৎ
বৈরুত থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তরে নাহর আল-কালব উপত্যকায় অবস্থিত জেইতা গ্রোটো। এটি লেবাননের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক নিদর্শন। চুনাপাথরের তৈরি গুহাটি দুটি প্রধান অংশে বিভক্ত। একটি ওপরের গুহা, অন্যটি নিচের গুহা। দুটি অংশ পরস্পরের সঙ্গে ভূগর্ভস্থ পানিপ্রবাহের মাধ্যমে সংযুক্ত। গুহার ভেতরে রয়েছে বিভিন্ন আকৃতির স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট। কোথাও ছাদ থেকে ঝুলে থাকা পাথরের স্তম্ভ, কোথাও মাটি থেকে ওপরে উঠে আসা পাথুরে গঠন। নিচের গুহার মধ্য দিয়ে বয়ে গেছে ভূগর্ভস্থ নদী। পর্যটকদের জন্য অনুকূল সময়ে এখানে নৌকাভ্রমণের ব্যবস্থাও থাকে। জেইতা গ্রোটো লেবাননের প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। একসময় নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রতিযোগিতায়ও এটি আলোচনায় এসেছিল। তবে এটিকে নির্বাচিত সপ্তাশ্চর্যের একটি বলা সঠিক নয়।
ন্যাশনাল মিউজিয়াম অব বৈরুত
লেবাননের ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সম্পর্কে জানতে চাইলে ন্যাশনাল মিউজিয়াম অব বৈরুত গুরুত্বপূর্ণ গন্তব্য। জাদুঘরটিতে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে বিভিন্ন সভ্যতার নিদর্শন সংরক্ষিত রয়েছে। ফিনিশীয়, গ্রিক, রোমান ও বাইজেন্টাইন যুগের বিভিন্ন প্রত্নবস্তু, ভাস্কর্য, মুদ্রা, গহনা, শিলালিপি ও সমাধিসৌধের নিদর্শন এখানে দেখা যায়। প্রাচীন সভ্যতার জীবনযাপন, ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা ও স্থাপত্য সম্পর্কে ধারণা পেতে জাদুঘরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
কাদিশা উপত্যকা: পাহাড়ের বুকে ইতিহাস
উত্তর লেবাননের পাহাড়ি অঞ্চলে অবস্থিত কাদিশা উপত্যকা দেশটির সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থানগুলোর একটি। উপত্যকার মধ্য দিয়ে বয়ে গেছে কাদিশা নদী। দুই পাশে উঁচু পাহাড়, সবুজ বন, পাথুরে গিরিখাত ও প্রাচীন ধর্মীয় স্থাপনা মিলিয়ে জায়গাটি অসাধারণ। কাদিশা উপত্যকার পাহাড়ের গায়ে রয়েছে বহু পুরোনো খ্রিষ্টান মঠ, আশ্রম ও গুহা। শত শত বছর ধরে এসব স্থানে ধর্মীয় সাধক ও সন্ন্যাসীরা বসবাস করেছেন। পাহাড়ের গায়ে নির্মিত পাথরের মঠগুলো উপত্যকার ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়েছে। এখানে রয়েছে বেশ কয়েকটি হাইকিং ট্রেইল। পাহাড়ি পথ ধরে হাঁটলে বনভূমি, ঝরনা ও উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। কাদিশা উপত্যকা এবং সিডারস অব গড বনাঞ্চল একসঙ্গে ১৯৯৮ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।
টায়ার: প্রাচীন ফিনিশীয় বন্দরনগরী
দক্ষিণ লেবাননের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত টায়ার বা সুর একটি প্রাচীন ফিনিশীয় শহর। একসময় এটি ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্যতম সমৃদ্ধ বন্দর ও বাণিজ্যকেন্দ্র ছিল। টায়ারকে ঘিরে রয়েছে নানা ঐতিহাসিক ঘটনা ও কিংবদন্তি। প্রাচীনকালে এখানকার ফিনিশীয়রা বেগুনি রং তৈরির জন্য বিখ্যাত ছিল। সামুদ্রিক শামুক থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এ রং রাজপরিবার ও অভিজাতদের পোশাকে ব্যবহৃত হতো। শহরটিতে রয়েছে রোমান যুগের সড়ক, বিশাল হিপোড্রোম, সমাধিক্ষেত্র ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন সভ্যতার স্মারক এবং সমুদ্রসৈকতের কারণে টায়ার লেবাননের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।
বাইব্লস: সভ্যতার প্রাচীন স্মারক
বৈরুতের উত্তরে অবস্থিত বাইব্লস বা জবেইল পৃথিবীর প্রাচীনতম ধারাবাহিকভাবে বসবাস করা শহরগুলোর অন্যতম। প্রাচীন ফিনিশীয় সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। ভূমধ্যসাগরীয় বাণিজ্য এবং প্রাচীন লিপি ও বর্ণমালার বিকাশের ইতিহাসে শহরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহরটিতে রয়েছে প্রাচীন বন্দর, ক্রুসেডারদের দুর্গ, রোমান স্থাপত্যের ধ্বংসাবশেষ এবং ঐতিহ্যবাহী বাজার। সরু পাথুরে রাস্তা ও পুরোনো বাড়িঘর শহরটির ঐতিহাসিক সৌন্দর্য বাড়িয়েছে। বাইব্লসকে ১৯৮৪ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬ সালে শহরটি আরব পর্যটন রাজধানীর স্বীকৃতিও পেয়েছিল।
সিডন: সমুদ্রদুর্গের শহর
দক্ষিণ লেবাননের উপকূলে অবস্থিত সিডন বা সাইদা দেশটির অন্যতম প্রাচীন শহর। ফিনিশীয় যুগ থেকেই এটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী হিসেবে পরিচিত। সাইট্রাস ফল ও কলার বাগান, ঐতিহ্যবাহী বাজার এবং সমুদ্র উপকূল শহরটির সৌন্দর্য বাড়িয়েছে। সিডনের প্রধান আকর্ষণ সি ক্যাসল বা সমুদ্রদুর্গ। ত্রয়োদশ শতাব্দীতে ক্রুসেডাররা সমুদ্রের মধ্যে একটি ছোট দ্বীপের ওপর দুর্গটি নির্মাণ করে। পরবর্তী সময়ে এটি বিভিন্ন শাসকের অধীনে ব্যবহৃত হয়েছে। বর্তমানে এটি শহরের অন্যতম পরিচিত ঐতিহাসিক নিদর্শন। এ ছাড়া সিডনের পুরোনো বাজার, ঐতিহ্যবাহী সাবান তৈরির জাদুঘর এবং মধ্যযুগীয় স্থাপনাগুলোও পর্যটকদের আকর্ষণ করে।
বালবেক: রোমান স্থাপত্যের বিশাল নিদর্শন
লেবাননের বেকা উপত্যকায় অবস্থিত বালবেক প্রাচীন রোমান স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে রয়েছে বিশাল মন্দির কমপ্লেক্স, যার মধ্যে জুপিটার, বাচ্চাস ও ভেনাসের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। রোমান আমলে শহরটি হেলিওপোলিস নামে পরিচিত ছিল। বিশাল পাথরের স্তম্ভ, কারুকাজ করা দেয়াল এবং সুবিশাল স্থাপত্য দেখে প্রাচীন রোমানদের নির্মাণকৌশল সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিশেষ করে বাচ্চাসের মন্দিরটি তুলনামূলক ভালো অবস্থায় টিকে আছে। বিশাল পাথরের ব্লক দিয়ে নির্মিত স্থাপনাগুলো পর্যটকদের বিস্মিত করে। ১৯৮৪ সালে বালবেক ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়।
সিডারস অব গড: লেবাননের জাতীয় বৃক্ষের বন
সিডারস অব গড বা হরশ আরজ এল-রাব লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। এটি প্রাচীন দেবদারু বনভূমির অবশিষ্ট অংশ। লেবাননের জাতীয় প্রতীক সিডার গাছ প্রাচীনকাল থেকেই দেশটির পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। প্রাচীন মিসরীয়, ফিনিশীয় ও অন্যান্য সভ্যতায় জাহাজ, মন্দির এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে লেবাননের সিডার কাঠ ব্যবহারের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। বনাঞ্চলটি কাদিশা উপত্যকার কাছাকাছি অবস্থিত। এর কিছু গাছ বহু শতাব্দী ধরে টিকে আছে। পাহাড়ি পরিবেশ, তুষারপাত ও প্রাচীন বৃক্ষের সমন্বয়ে জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয়।
আল সউফ সিডার ন্যাচার রিজার্ভ
লেবাননের শুফ অঞ্চলে অবস্থিত শুফ সিডার ন্যাচার রিজার্ভ দেশটির বৃহত্তম প্রকৃতি সংরক্ষণ এলাকার অন্যতম। কারাক পর্বতসহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় ছড়িয়ে থাকা দেবদারু বন এ সংরক্ষিত অঞ্চলের প্রধান আকর্ষণ। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, পাখি ও বন্যপ্রাণী। পাহাড়ি পথ, বনভূমি ও প্রাকৃতিক পরিবেশের কারণে এটি হাইকিং ও প্রকৃতিভ্রমণের জন্য পরিচিত। লেবাননের জীববৈচিত্র্য সংরক্ষণে এ বনাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
খলিল জিবরান জাদুঘর
লেবাননের বিশ্ববিখ্যাত কবি, লেখক, দার্শনিক ও চিত্রশিল্পী খলিল জিবরানের স্মৃতিবিজড়িত জাদুঘরটি উত্তর লেবাননের বশাররি এলাকায় অবস্থিত। বৈরুত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের এ স্থানটি সাহিত্য ও শিল্পপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়। জাদুঘরে জিবরানের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, তাঁর আঁকা ছবি, পাণ্ডুলিপি ও বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। এখানে তাঁর সমাধিও রয়েছে। জিবরানের বিখ্যাত বই দ্য প্রফেট বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়েছে। মানবতা, ভালোবাসা, জীবন, স্বাধীনতা ও দর্শন নিয়ে তাঁর লেখা বিশ্বসাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে।
বেইতেদ্দিন প্রাসাদ
উনবিংশ শতাব্দীর শুরুতে নির্মিত বেইতেদ্দিন প্রাসাদ লেবাননের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন। শুফ অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত এ প্রাসাদটি আমির বশির দ্বিতীয়ের শাসনামলে নির্মিত হয়েছিল। প্রাসাদের ভেতরে রয়েছে সুসজ্জিত কক্ষ, প্রশস্ত উঠান, অলংকৃত বারান্দা, ঝরনা ও ঐতিহাসিক স্থাপনা। অটোমান, আরব ও ইউরোপীয় স্থাপত্যশৈলীর সমন্বয় এখানে লক্ষ করা যায়। প্রাসাদে বিভিন্ন ঐতিহাসিক সংগ্রহ ও মোজাইক শিল্পের নিদর্শন রয়েছে। গ্রীষ্মকালে এখানে বেইতেদ্দিন উৎসব আয়োজনের ঐতিহ্য রয়েছে, যেখানে সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান ও দর্শনার্থীদের প্রবেশের সময়সূচি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
ত্রিপোলি: উত্তর লেবাননের ঐতিহাসিক শহর
উত্তর লেবাননের গুরুত্বপূর্ণ শহর ত্রিপোলি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত এ শহরের ইতিহাস ফিনিশীয় যুগ পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে মধ্যযুগীয় দুর্গ, ঐতিহ্যবাহী বাজার, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ত্রিপোলির অন্যতম পরিচিত স্থাপনা সিটাডেল অব রেমন্ড দ্য সেন্ট-জিলস। ক্রুসেডার আমলের এ দুর্গ শহরের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। এ ছাড়া অস্কার নিয়েমেয়ারের নকশায় নির্মিত রশিদ কারামি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন। ২০২৩ সালে এটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।
জউনিয়েহ: সমুদ্র ও পাহাড়ের শহর
বৈরুতের উত্তরে অবস্থিত জউনিয়েহ সমুদ্র উপকূল, পাহাড়ি দৃশ্য, হোটেল ও বিনোদনকেন্দ্রের জন্য পরিচিত। শহরটির উপসাগরীয় দৃশ্য বেশ মনোমুগ্ধকর। এখানকার অন্যতম আকর্ষণ হারিসার আওয়ার লেডি অব লেবানন। পাহাড়ের চূড়ায় অবস্থিত ভার্জিন মেরির বিশাল সাদা ভাস্কর্যটি দূর থেকেই দেখা যায়। কেবল কারে করে জউনিয়েহ থেকে হারিসায় যাওয়ার ব্যবস্থা রয়েছে। সমুদ্র ও পাহাড়ের ওপর থেকে শহর দেখার জন্য এটি জনপ্রিয় স্থান।
যাহ্লে: বেকা উপত্যকার প্রাণকেন্দ্র
বেকা উপত্যকার গুরুত্বপূর্ণ শহর যাহ্লে। বারদাউনি নদীর তীরবর্তী এ শহরটি খাবার, আঙুরের বাগান এবং প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। যাহ্লেকে লেবাননের অন্যতম সুন্দর শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে নদীর পাশে রেস্তোরাঁ, ঐতিহ্যবাহী খাবারের দোকান এবং বিভিন্ন অবকাশকেন্দ্র রয়েছে। বেকা উপত্যকার কৃষি ও ওয়াইন উৎপাদনের সঙ্গেও শহরটির সম্পর্ক রয়েছে।
জেজিন: ঝরনা ও পাহাড়ি সৌন্দর্য
দক্ষিণ লেবাননের পাহাড়ি শহর জেজিন প্রাকৃতিক ঝরনা, সবুজ পাহাড় ও ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য পরিচিত। শহরের অন্যতম আকর্ষণ জেজিন জলপ্রপাত। পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসা পানির প্রবাহ শহরটিকে বিশেষ সৌন্দর্য দিয়েছে। এখানে ঐতিহ্যবাহী ছুরি ও বিভিন্ন অলংকার তৈরির কারুশিল্পও পরিচিত।
দেয়ার এল-কামার: ঐতিহ্যবাহী পাহাড়ি গ্রাম
শুফ অঞ্চলের ঐতিহাসিক গ্রাম দেয়ার এল-কামার লেবাননের ঐতিহ্যবাহী স্থাপত্য ও গ্রামীণ জীবনযাত্রার পরিচয় বহন করে। পাথরের তৈরি বাড়িঘর, পুরোনো গির্জা, মসজিদ ও ঐতিহাসিক চত্বর গ্রামটির প্রধান আকর্ষণ। একসময় এটি লেবাননের আমিরদের প্রশাসনিক কেন্দ্র ছিল। বর্তমানে ঐতিহ্যবাহী স্থাপত্য ও শান্ত পরিবেশের কারণে জায়গাটি পর্যটকদের আকর্ষণ করে।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যে লেবানন
লেবাননের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বের বড় প্রমাণ দেশটির ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত স্থানগুলো। দেশটিতে সাতটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এগুলো হলো—আনজার, বালবেক, বাইব্লস, কাদিশা উপত্যকা ও সিডারস অব গড বনাঞ্চল, টায়ার, রশিদ কারামি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এবং মাউন্ট আমেল দুর্গসমূহ। আনজার উমাইয়া আমলের একটি ঐতিহাসিক নগরী। অষ্টম শতাব্দীতে নির্মিত এ শহরে প্রাসাদ, মসজিদ, স্নানাগার ও বাজারের ধ্বংসাবশেষ রয়েছে। অন্যদিকে মাউন্ট আমেল অঞ্চলের দুর্গগুলো লেবাননের মধ্যযুগীয় সামরিক স্থাপত্য ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। ইউনেসকোর এ স্বীকৃতিগুলো লেবাননের ঐতিহাসিক ঐতিহ্যের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে।
ভাষা, শিক্ষা ও সংস্কৃতি
লেবাননের সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম কারণ এর ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ ইতিহাস। দেশটি প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসে নিজস্ব সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলেছে। আরবি দেশটির সরকারি ভাষা। পাশাপাশি ফরাসি ও ইংরেজির ব্যাপক প্রচলন রয়েছে। শিক্ষা, ব্যবসা, গণমাধ্যম ও দৈনন্দিন যোগাযোগে এসব ভাষা ব্যবহৃত হয়। এ ছাড়া আর্মেনীয়সহ আরও কয়েকটি ভাষা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত।
লেবাননের সাহিত্য, সংগীত, চিত্রকলা ও স্থাপত্য আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। বিশেষ করে খলিল জিবরান দেশটির সাহিত্যিক পরিচিতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার দ্য প্রফেট বইটি বিশ্বসাহিত্যের অন্যতম পরিচিত রচনা। লেবাননের প্রকাশনা ও গণমাধ্যম খাতও আরব বিশ্বে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৈরুত একসময় আরবি বই, সংবাদপত্র ও সাময়িকী প্রকাশনার অন্যতম প্রধান কেন্দ্র ছিল।
খেলাধুলা ও বিনোদন
লেবাননে ফুটবল ও বাস্কেটবল বেশ জনপ্রিয়। বিশেষ করে বাস্কেটবলে দেশটির জাতীয় দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি অর্জন করেছে। এ ছাড়া রাগবি, টেনিস, অ্যাথলেটিকস ও শীতকালীন খেলাধুলারও প্রচলন রয়েছে। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে লেবাননে স্কিইংয়ের সুযোগ রয়েছে। শীতকালে ফারায়া, মাজারসহ বিভিন্ন পাহাড়ি অবকাশকেন্দ্রে স্কি করার জন্য স্থানীয় ও বিদেশি পর্যটকেরা যান। গ্রীষ্মকালে সমুদ্রসৈকত, পাহাড়ি রিসোর্ট, রেস্তোরাঁ ও বিভিন্ন বিনোদনকেন্দ্র মানুষের আকর্ষণের জায়গা হয়ে ওঠে। বৈরুত ও জউনিয়েহর নাইটলাইফ, সংগীতানুষ্ঠান, রেস্তোরাঁ ও সাংস্কৃতিক আয়োজনও একসময় দেশটির পর্যটন পরিচিতির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে এসব কার্যক্রমের স্বাভাবিকতা ধরে নেওয়ার সুযোগ নেই।
লেবাননের খাবার: স্বাদে ও বৈচিত্র্যে অনন্য
লেবাননের সংস্কৃতির অন্যতম আকর্ষণ তাদের খাবার। ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের রান্নার সংমিশ্রণে গড়ে উঠেছে দেশটির নিজস্ব খাদ্যসংস্কৃতি। হুমুস, তাব্বুলে, ফাত্তুশ, কিব্বে, শাওয়ারমা, মানাকিশ ও বিভিন্ন ধরনের গ্রিল করা মাংস লেবানিজ খাবারের পরিচিত নাম। দেশটির খাবারে জলপাইয়ের তেল, লেবুর রস, রসুন, তাজা শাকসবজি ও বিভিন্ন মসলা ব্যবহারের প্রবণতা রয়েছে। খাবারের শুরুতে বিভিন্ন ধরনের ছোট ছোট পদ একসঙ্গে পরিবেশন করার রীতি রয়েছে, যা মেজ্জে নামে পরিচিত। মিষ্টান্নের মধ্যে বাকলাভা, কুনাফা ও বিভিন্ন ধরনের সিরাপযুক্ত পেস্ট্রি বেশ জনপ্রিয়। রমজান মাসে কাতায়েফসহ বিভিন্ন ধরনের মিষ্টি খাবার পরিবেশন করা হয়। লেবানিজ খাবারের বৈচিত্র্য দেশটির পর্যটন আকর্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নারী পুলিশ ও পোশাক নিয়ে প্রচলিত ধারণা
লেবানন সম্পর্কে পুরোনো ভ্রমণবিষয়ক লেখায় নারী পুলিশের শর্টস বা মিনি স্কার্ট পরার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। কয়েক বছর আগে কিছু পর্যটন ও স্থানীয় প্রশাসনিক উদ্যোগে নির্দিষ্ট এলাকায় নারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ পোশাক ব্যবহারের খবর প্রকাশিত হয়েছিল। তবে নারী পুলিশ সদস্যদের জন্য সারা দেশে বাধ্যতামূলকভাবে মিনি স্কার্ট পরার কোনো জাতীয় বিধান রয়েছে—এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। তাই বিষয়টিকে লেবাননের সর্বজনীন নিয়ম বা পর্যটক আকর্ষণের সরকারি কৌশল হিসেবে উপস্থাপন করা সঠিক হবে না।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও পর্যটকদের জন্য সতর্কতা
লেবাননের পর্যটন আকর্ষণ ও ঐতিহাসিক গুরুত্ব থাকলেও বর্তমানে দেশটির নিরাপত্তা পরিস্থিতি বড় উদ্বেগের বিষয়। ইসরাইল ও হিজবুল্লাহকে ঘিরে দীর্ঘদিনের উত্তেজনা এবং ২০২৬ সালে নতুন করে সংঘাতের বিস্তার দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বাড়িয়েছে। দক্ষিণ লেবানন, ইসরাইল সীমান্তবর্তী এলাকা, বৈরুতের দক্ষিণাঞ্চল এবং বেকা উপত্যকার কিছু অংশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২৩ অক্টোবর ২০২৬-এর ভ্রমণ সতর্কতায় লেবাননকে সর্বোচ্চ ঝুঁকির স্তর ‘লেভেল ৪—ডু নট ট্রাভেল’ হিসেবে রেখেছে। দেশটির নিরাপত্তা, সন্ত্রাসবাদ, অপহরণ, অপরাধ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ২১ আগস্ট ২০২৬-এর প্রতিবেদনেও সংঘাতের কারণে দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। ফলে লেবাননের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে দেশটিকে নির্বিঘ্ন পর্যটন গন্তব্য হিসেবে বিবেচনা করা যাচ্ছে না।
প্রাচীন সভ্যতার নিদর্শন
লেবানন এমন একটি দেশ, যেখানে কয়েক হাজার বছরের ইতিহাস, প্রাচীন সভ্যতার নিদর্শন, পাহাড়ি প্রকৃতি, ভূমধ্যসাগরের সৌন্দর্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতি একসঙ্গে মিশে আছে। ফিনিশীয়দের প্রাচীন বন্দর থেকে রোমানদের বিশাল মন্দির, উমাইয়া স্থাপত্য থেকে আধুনিক বৈরুত—প্রতিটি অধ্যায় দেশটির স্বতন্ত্র পরিচয় তুলে ধরে।
দেশটির পাহাড়, বনভূমি, নদী, উপত্যকা, ঐতিহাসিক শহর ও সমুদ্রসৈকত পর্যটকদের জন্য তৈরি করেছে বিচিত্র অভিজ্ঞতার সুযোগ। অন্যদিকে ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য লেবাননকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। তবে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক সংঘাত দেশটির পর্যটন সম্ভাবনাকে বারবার বাধাগ্রস্ত করেছে। নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে লেবানন আবারও আন্তর্জাতিক পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


