ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৩ জুলাই) তেহরানে অবতরণ করেছে রাশিয়ার একটি বিশেষ সামরিক উড়োজাহাজ। এর সফরের উদ্দেশ্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। খবর এনডিটিভির।
ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, আরএ-৬৪৫৩১ নিবন্ধন নম্বরধারী টুপোলেভ টিইউ-২১পিইউ উড়োজাহাজটি আরএসডি৪২০ কলসাইন ব্যবহার করে মস্কো থেকে উড্ডয়ন করে এবং সোমবার সকালে তেহরানে অবতরণ করে।
সংবাদমাধ্যমে অনেক সময় একে ‘ডুমসডে প্লেন’ বা ধ্বংসাত্মক বিমান বলা হলেও টিইউ-২১পিইউ মূলত রাশিয়ার বিশেষ যোগাযোগব্যবস্থাসম্পন্ন একটি উড়োজাহাজ। তবে এটি পারমাণবিক হামলা মোকাবিলার জন্য কোনো আকাশভিত্তিক কমান্ড প্ল্যাটফর্ম নয়; বরং এটি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করার কাজে ব্যবহৃত হয়। উড়োজাহাজটি রাশিয়ার স্পেশাল ফ্লাইট স্কোয়াড্রনের অংশ।
যদিও এবারের সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে অতীতে এই উড়োজাহাজকে রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদলের সফরের সময় নিয়মিত দেখা গেছে।
গত ১৬ জুন একই উড়োজাহাজ উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে অবতরণ করেছিল। ওই দিনই রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন উজবেক নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া ফেব্রুয়ারির মাঝামাঝি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার কয়েক দিন আগে টিইউ-২১পিইউ তেহরান সফর করে এবং ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করে। তখন ধারণা করা হয়েছিল, রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভের সফরে সহায়তা করতেই উড়োজাহাজটি সেখানে ছিল। এর কয়েক দিন পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও তেহরান সফর করেন।
একইভাবে, গত বছরের নভেম্বরে উড়োজাহাজটি পাকিস্তানের ইসলামাবাদেও গিয়েছিল। তখনও সিভিলেভ দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফর করেছিলেন।
গত এক বছরে উড়োজাহাজটির প্রকাশ্য সফরের ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এবারও এটি কোনো উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদলের সফরের প্রস্তুতির অংশ হতে পারে অথবা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সম্ভাব্য তেহরান সফরের পথ প্রস্তুত করছে।
এদিকে, ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ল্যাভরভের সম্ভাব্য সফরের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


