ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্য দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করছে।
রোববার দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের নেতারা বর্তমানে ‘হতাশ’ অবস্থায় পড়ে ফাঁকা বক্তব্য, স্লোগান এবং এআইয়ের আশ্রয় নিচ্ছেন। তার দাবি, যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের সামরিক সাফল্যের প্রমাণ হিসেবে দেখানোর জন্য কৃত্রিমভাবে ছবি ও ভিডিও তৈরি করা হচ্ছে।
গালিবাফ বলেন, ওই দেশের নেতারা নিজেদের হতাশ অবস্থায় দেখতে পাচ্ছেন। তাই তারা ফাঁকা কথা, স্লোগান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যুদ্ধক্ষেত্রের ছবি ও ভিডিও তৈরির আশ্রয় নিচ্ছেন।
এর আগে গালিবাফ সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া আর ‘সমানুপাতিক’ থাকবে না। ভবিষ্যতে ইরানের জবাব আরো দ্রুত, কঠোর ও ‘বেদনাদায়ক’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারো বেড়েছে। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর পাল্টা হামলার দাবি করেছে তেহরান। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনাও তীব্র হয়েছে।
সূত্র: আল জাজিরা
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


