হরমুজ সচল করতে মার্কিন নেতৃত্বে নতুন জোট গঠনের উদ্যোগ

আমার দেশ অনলাইন

হরমুজ সচল করতে মার্কিন নেতৃত্বে নতুন জোট গঠনের উদ্যোগ
ছবি : সিএনএন

ইরানের অবরোধের মুখে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল করতে ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামে একটি আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ পানিপথটি অবরুদ্ধ হয়ে আছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই এমএফসি গঠনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের যৌথ উদ্যোগে এই জোট গঠিত হবে। এই জোটের মূল কাজ হবে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, কূটনৈতিক তৎপরতা সমন্বয় এবং প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা।

বিজ্ঞাপন

বর্তমানে হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় প্রতিদিন বিশ্ববাজারে প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে প্রণালির দুপাশে শত শত জাহাজ আটকা পড়ে আছে।

এদিকে, ইরান এই পানিপথের ওপর তাদের নিয়ন্ত্রণ আরো জোরালো করার চেষ্টা করছে। জানা গেছে, ইরান ইতোমধ্যে প্রণালি পার হওয়ার জন্য জাহাজপ্রতি ২০ লাখ ডলার পর্যন্ত ট্রানজিট ফি আদায় করছে।

তবে এই জোট গঠনের ক্ষেত্রে ওয়াশিংটন কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে। ইরান-ইসরাইল যুদ্ধের জেরে ন্যাটো সদস্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মতো গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে। ফলে এই জোটে কোন কোন দেশ যোগ দেবে, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন