ইরান যুদ্ধের প্রভাবে সুদানে ত্রাণ ব্যয় দ্বিগুণ, সরবরাহে বিলম্ব: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের প্রভাবে সুদানে ত্রাণ ব্যয় দ্বিগুণ, সরবরাহে বিলম্ব: জাতিসংঘ
ছবি: সংগৃহীত।

ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে সুদানে মানবিক সহায়তা পৌঁছানোর খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সরবরাহে বড় ধরনের বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। খবর মিডল ইস্ট আইয়ের।

সংস্থাটি জানায়, উপসাগরীয় গুরুত্বপূর্ণ নৌপথ—বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা, বন্দর জট, জ্বালানির দাম বৃদ্ধি এবং বিমা খরচ বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ত্রাণ পৌঁছাতে সময় বেশি লাগছে।

বিজ্ঞাপন

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র কার্লোটা উলফ বলেন, আগে দুবাই থেকে উপসাগরীয় রুট দিয়ে যেসব ত্রাণ সুদানে যেত, এখন সেগুলো ইউরোপ হয়ে কেপ অব গুড হোপ ঘুরে পাঠাতে হচ্ছে। এতে যাত্রা সময় প্রায় ২৫ দিন পর্যন্ত বেড়ে যাচ্ছে।

তিনি বলেন, যাদের জরুরি সহায়তা প্রয়োজন, তারা প্রয়োজনের সময়ের চেয়ে অনেক পরে তা পাচ্ছে।

উলফ আরো জানান, দুবাই থেকে সুদান ও প্রতিবেশী চাদে ত্রাণ পাঠানোর খরচ ৯ লাখ ২৭ হাজার ডলার থেকে বেড়ে ১৮ লাখ ৭০ হাজার ডলারে পৌঁছেছে, অর্থাৎ ব্যয় দ্বিগুণেরও বেশি হয়েছে।

জাতিসংঘের মতে, সুদানের চলমান সংঘাত বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে, যেখানে লাখো মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল—যা এখন বাড়তি খরচ ও বিলম্বের মুখে পড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...