গাজায় দিনে ৩০–৪০ জনকে হত্যা করা উচিত

গাজায় দিনে ৩০–৪০ জনকে হত্যা করা উচিত
ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কিছু মানুষের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এমনকি তাদের মানুষ হিসেবেও গণ্য করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তার দাবি, গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে গুপ্তহত্যা করা উচিত।

বিজ্ঞাপন

হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া এক সাবেক জিম্মির জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বেন-গভির এসব মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, এ বিষয়টি কোনো গোপন বিষয় নয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতপার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বেন-গভির বলেন, তার মতে গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে লক্ষ্য করে হত্যা করা উচিত। শুধু যারা ইসরাইলের জন্য হুমকি, তাদের লক্ষ্য করার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, গাজায় এমন কিছু মানুষ আছেন, যাদের বেঁচে থাকার যোগ্যতা নেই। তাদের বেঁচে থাকা উচিত নয়। এমনকি তারা মানুষও নন।

এ ছাড়া গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপকভাবে স্থানান্তরের কথাও বলেছেন বেন-গভির। পুরো গাজা উপত্যকা ইসরাইলের নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে অবস্থান জানিয়েছেন তিনি।

বেন-গভির বলেন, তিনি পুরো গাজাকে ইসরাইলের বলে দেখতে চান। গাজার বাসিন্দাদের যতটা সম্ভব স্থানান্তর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। আর যারা সন্ত্রাসী, তাদের কোথাও যেতে না দিয়ে একজন একজন করে হত্যা করতে হবে।

সূত্র: টাইমস অব ইসরাইল

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন