আওয়ামী লীগের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে সেই অর্থে সেখানে বসে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
রোববার দুপুর ১২টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেট এলাকায় আয়োজিত গণসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
এস এম জিলানী বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই পাচারকৃত টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়।’
তিনি বলেন, ‘আজকে টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদের সবিনয়ে বলতে চাই—জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দলের ওপর কোনো ধরনের উসকানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তার মোকাবিলা করা হবে।’
নিজের জন্মস্থান টুঙ্গিপাড়ার প্রসঙ্গ তুলে এস এম জিলানী বলেন, ‘এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, প্রত্যেকেরই জন্মস্থান এই ভূমিতে। অতএব রাজনীতি করবেন এবং কথা বলবেন শালীনতার সঙ্গে।’
তিনি বলেন, ‘গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি। তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।’
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জি. জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

