ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল করার প্রচেষ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে নিজেদের শর্ত তুলে ধরার পর ট্রাম্প পাল্টা দাবি জানিয়েছেন, অতীতের যুদ্ধ, হামলা ও বিক্ষোভে হতাহতের জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথটি দ্রুত সচল হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
এদিকে, তেলের বাজারে এর প্রভাব পড়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল প্রায় ৮৮ ডলারে উঠেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল বা ডব্লিউটিআইয়ের দাম বেড়ে ৮২ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
দুটি বেঞ্চমার্কেরই দাম ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে সোমবার তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হওয়ায় সেখানে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ ও দামের ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


