ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত সীমিত রাখার স্বঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর ফলে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোতে পারে তেহরান। এদিকে ইরানকে ঘিরে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে।
ইরানের আধাসামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন কয়েক দিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে ‘যেকোনো ধরনের ও মাত্রার হুমকির’ জবাব দেওয়া হবে, যার কোনো ভৌগোলিক সীমা থাকবে না।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার বিষয়ে প্রশ্ন করা হলে আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, ‘আমাদের জন্য ওই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।’
তবে ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানা যায়নি। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছেন, ইরানের মহাকাশ কর্মসূচিতে ব্যবহৃত প্রযুক্তি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির কাজে ব্যবহার করা সম্ভব।
এমন প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান ভবিষ্যতে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আরব নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




