ইরানে টানা অষ্টম রাতে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানে টানা অষ্টম রাতে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: আল-জাজিরা

ইরানের দক্ষিণাঞ্চলে টানা অষ্টম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণ

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

অন্যদিকে, আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, প্রাদেশিক কর্মকর্তারা বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাত বা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের হামলার প্রমাণ পাওয়ার কথা তারা জানাননি।

তাসনিমের খবরে আরো বলা হয়, স্থানীয় সময় রাত ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপের অন্তত ৩ থেকে ৫টি স্থানে আঘাত হানা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বন্দর আব্বাস ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উপকূলে ক্ষেপণাস্ত্র হামলা

সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কেশম দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তবে দ্বীপে থাকা তাসনিমের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় এখনো নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জর্ডানে দুই মার্কিন সেনা নিহত

এদিকে, জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই খবর নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে আরো এক সেনাসদস্য নিখোঁজ রয়েছেন।

শনিবার সেন্টকম বলেছে, আহত চার মার্কিন সেনাকে উদ্ধার করে দ্রুত জর্ডানের হাসপাতালে পাঠানো হয়েছিল। চিকিৎসা শেষে ইতোমধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত হওয়া বাকি সেনাসদস্যদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আবারও ডিউটিতে ফেরত পাঠানো হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন