পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দু জেলায় একটি অটোরিকশা খালে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন শিশুও রয়েছে।
সোমবার রাতে লোমার ওয়ালা থেকে বস্তি আরাইনের উদ্দেশে তিনটি অটোরিকশায় বরযাত্রী যাচ্ছিল। পথে সানাওয়ানের শেখো সুগার মিলের কাছে অতিরিক্ত গতির কারণে একটি রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুজাফফরগড় খালে পড়ে যায়।
তিনজন সাঁতরে তীরে উঠে উদ্ধারকর্মীদের খবর দেন। পরে উদ্ধারকারী দল ও স্থানীয়রা ছয়জনকে জীবিত উদ্ধার এবং প্রথমে তিনজনের লাশ উদ্ধার করেন। পরে আরো ৯ জনের লাশ উদ্ধারের পর নিহতের সংখ্যা দাঁড়ায় ১২।
উদ্ধারকাজে আটজন ডুবুরি ও ২২ জন সাঁতারু অংশ নেন। খালটি ১২–১৫ ফুট গভীর এবং ১০০–১২০ ফুট প্রশস্ত হওয়ায় প্রবল স্রোতের মধ্যে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। নিখোঁজদের সন্ধানে প্রায় ৩২ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হয়।
সূত্র: পাকিস্তান টুডে
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


