মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মী নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইন্স্যুরেন্স কর্মী নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মনজুর আলম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বামুনসুন্দর শাখার ব্যবস্থাপক ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া ইউটার্ন এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় ডাইনামিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনজুর আলম মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা ।

এদিকে কাভার্ডভ্যানটি জব্দসহ চালক মো. সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। আটক মো. সোলায়মান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মৃত আবদুল বারেকের ছেলে।

আলমের ভাতিজা সাকিব হোসাইন বলেন, শুক্রবার সকালে বাজার করার জন্য তিনি মিঠাছড়া বাজারে যান। বাজার করে ফেরার পথে পেছন থেকে কাভার্ডভ্যানটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুজামান ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন