কেমিক্যাল-কীটনাশকে নীল মানবদেহ

কেমিক্যাল-কীটনাশকে নীল মানবদেহ
আমার দেশ গ্রাফিক্স

নকল, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারে সয়লাব সারা দেশ। প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যা কিছু রাখি; তার সবই নকল, ভেজাল, নিম্নমানের এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাত, ডাল, শাকসবজি, মাছ, গরু, মুরগি, ফল, দুধ, পানি, রুটিÑভেজাল সবকিছুতেই।

জীবন রক্ষাকারী ওষুধ, শিশুখাদ্য, ফুটপাতের মুখরোচক খাবার, অভিজাত রেস্তোরাঁর দামি খাবার কিংবা ফাস্টফুডÑসর্বত্রই ভেজাল পণ্যের জয়জয়কার।

বিজ্ঞাপন

খাবার মনে করে প্রতিনিয়ত আমরা যা খাচ্ছি, তার সবই বিষে ভরা। ফল সতেজ রাখতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক কার্বাইড। টাটকা রাখতে মাছে মেশানো হচ্ছে ফরমালিন।

ক্ষতিকারক রাসায়নিক আর কীটনাশক ব্যবহারে ভয়ংকর করে তোলা হচ্ছে চাল, ডাল ও শাকসবজি। মাছ-মুরগির খাবারে বিষ ও পশুর চর্বি মিশিয়ে গেলানো হচ্ছে মানুষকে।

জিলাপি মচমচে করতে মেশানো হচ্ছে হাইড্রোজ। কাপড়ে ব্যবহৃত রঙ মিশিয়ে বানানো হচ্ছে ফলের জুস। ফাস্টফুডকে আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে টেক্সটাইল কালার। চিপস-চানাচুরে মেশানো হচ্ছে ক্ষতিকারক অ্যাক্রিলামাইড। ফলস্বরূপ মাছ, ফল, দুধ, সবজি এখন আর নষ্ট হয় না। কেমিক্যাল-কীটনাশকে নীল হচ্ছে মানবদেহ। বাড়ছে ক্যানসার, কিডনি-লিভার নষ্ট হওয়া রোগীর সংখ্যা। বাড়ছে হাসপাতাল, ডাক্তার এবং ওষুধের ব্যবহার। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে খাদ্যজনিত মৃত্যুর মিছিল। অথচ খাদ্য মানুষের বেঁচে থাকার অবলম্বন হলেও ভেজাল ও দূষণের দৌরাত্ম্যে সেই খাদ্যই এখন জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতকে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, খাদ্য ও পানীয় হিসেবে প্রতিদিন আমরা যা কিছু শরীরে প্রবেশ করাচ্ছি, তার প্রতিটিতেই রয়েছে ‘বিষ’। উচ্চ ফলনশীল বীজ, সার এবং কীটনাশকের বিষে আমাদের শরীরগুলো নীল হয়ে যাচ্ছে। মাসের পর মাস প্যাকেটবন্দি রাখলেও ফল নষ্ট হয় না। দিনের পর দিন রাখলেও পচে না মাছ। কেমিক্যাল না দিলে যেন কোনো শিশুখাদ্য হয় না। পশুর চর্বিযুক্ত বিষাক্ত খাবার খাইয়ে চাষ করা হচ্ছে মাছ-মুরগি। ইনজেকশন দিয়ে মোটাতাজা করা হচ্ছে গরু।

এক রাতের হিটে কিংবা কেমিক্যালযুক্ত পানির বালতিতে চুবালেই মুহূর্তে পেকে যাচ্ছে কাঁচা কলা ও পেঁপে। বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সালফেট, সোডিয়াম, হাইড্রোসালফাইট, সারফেস অ্যাকটিভের মতো রাসায়নিক ও ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে বিভিন্ন পরীক্ষায়।

এছাড়া আচার, জুস, সস, চিপস, চানাচুর, মুড়ি, ফলের রস, মরিচ-হলুদের গুঁড়া, ঘি, পাউডার দুধ, সরিষার তেল, সয়াবিন তেল, মাখন, ডালডা, মধুসহ এমন কোনো পণ্য নেই, যার মধ্যে ভেজাল দেওয়া হচ্ছে না।

সক্রিয় তিন সংস্থা

নাগরিকদের জন্য নিরাপদ খাদ্যমান নিশ্চিতে এবং খাদ্যে ভেজালের লাগাম টানতে দীর্ঘদিন ধরে কাজ করছে শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গুরুত্ব বিবেচনায় সরকারের অপর দুই প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকেও (বিএফএসএ) নিযুক্ত করা হয়েছে এই কাজে। তিনটি প্রতিষ্ঠানই নিরাপদ খাদ্য নিশ্চিত করে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে।

খাদ্যে বিষ ও ভেজাল রোধে সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫, নিরাপদ খাদ্য আইন-২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন করেছে। এমনকি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনেও খাদ্যে ভেজাল দেওয়া ও বিক্রির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এসব আইনের যথাযথ প্রয়োগ না থাকায় সাধারণ জনগণ সুফল পাচ্ছে না।

এক শ্রেণির অসাধু ব্যবসায়ী-শিল্পপতির অশুভ তৎপরতায় দেশে নিরাপদ খাদ্য পাওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। ভেজাল-নকলকারীদের ধরতে এসব সংস্থা নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধীদের শনাক্ত করে জেল-জরিমানাও করছে। কিন্তু সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা সুদূরপরাহত।

১১২ নমুনায় ভেজাল

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এক প্রতিবেদনে জানানো হয়, বাজার থেকে সংগ্রহ করা ১,৭৫৬টি খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে সেগুলোর ৫৮৬টিতেই ভেজাল ও দূষণ পাওয়া গেছে। এর ১১২টি নমুনায় সরাসরি ভেজাল উপাদান শনাক্ত হয়েছে।

৮২টি খাদ্যপণ্য পরীক্ষায় গড়ে ৪০ শতাংশ খাদ্যে সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া গেছে। পরীক্ষায় মুরগি ও মাছে মিলেছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক।

এছাড়া ফলমূলে ৩৫ শতাংশ এবং শাকসবজিতে ৫০ শতাংশ কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। লবণে পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে ২০ থেকে ৫০ গুণ বেশি সিসা। চালের ১৩টি নমুনায় অতিমাত্রায় আর্সেনিক এবং পাঁচটিতে পাওয়া গেছে ক্রোমিয়াম। সিসাসহ ভারী ধাতু পাওয়া গেছে হলুদের গুঁড়ার ৩০টি নমুনায়।

ডিটারজেন্টে খাঁটি দুধ

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) তরল দুধের নমুনা পরীক্ষায় দেখা যায়, গরুর দুধ এবং প্যাকেটজাত দুধের মধ্যে রয়েছে মানবদেহের জন্য চরম ক্ষতিকর মাত্রাতিরিক্ত বিষাক্ত রাসায়নিক উপাদান সিসা, টেট্রাসাইক্লিন, কীটনাশক, ট্যানারির কেমিক্যাল ক্রোমিয়াম, অ্যান্টিবায়োটিক, আলফাটক্সিন, পেস্টিসাইড, সিপ্রোসিন এবং এনরোফ্লোক্সাসিন।

এছাড়া রসয়াবিন তেল, ডিটারজেন্ট, সোডা, চিনি, লবণ, গুঁড়াদুধ, প্রিজারভেটিভ, বিভিন্ন কেমিক্যাল এবং সামান্য পরিমাণ তরল দুধ মিশিয়ে দীর্ঘ সময় ব্লেন্ডার মেশিনে দিয়ে তৈরি করা হয় গরুর খাঁটি দুধ।

এনএফএসএল সম্প্রতি সারা দেশ থেকে কাঁচা তরল দুধের ৯৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা করে। এতে দেখা যায়, ৯৩টিতেই রয়েছে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি। প্যাকেটজাত দুধের ৩১টি নমুনা পরীক্ষা করে ১৮টিতেই ভয়াবহ ভেজাল মিলেছে। দুধের মাধ্যমে এসব রাসায়নিক উপাদান শরীরে গিয়ে লিভার সিরোসিস, ক্যানসার, কিডনি রোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

মাছ এখন পচে না!

একটি সময় ছিল বাজার থেকে পচা মাছ কেনার দায়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। ব্যবসায়ীদের কল্যাণে এ-সংক্রান্ত ঝগড়া এখন হয় না বললেই চলে। কারণ, মাছ এখন আর পচে না। বাজারে বিক্রি হওয়া প্রায় সব মাছই টাটকা-সতেজ।

দীর্ঘ সময় সতেজ রাখতে অসাধু ব্যবসায়ীরা মাছে ফরমালিন মেশান। এটি মূলত পচনরোধী রাসায়নিক পদার্থ। এটি বিপজ্জনক এবং বিষাক্ত। আর ক্রেতারা তা কিনে নিচ্ছেন খুশিমনে। এভাবেই দিনের পর দিন ফরমালিন খেয়ে নষ্ট হচ্ছে মানুষের লিভার, কিডনি, বিকল হচ্ছে ফুসফুস ।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা ও আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফরমালিনকে মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হিসেবে ঘোষণা করেছে। ফরমালিন মূলত মর্গে মৃতদেহ ও অঙ্গ-প্রতঙ্গ সংরক্ষণের জন্যই ব্যবহার করা হয়।

খাবারে কাপড়ের রং

একাধিক শিল্পোদ্যোক্তা এবং বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ফুড গ্রেডের নামে খাদ্যশিল্পে কাপড়ের রাসায়নিক রং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

সাম্প্রতিক এক অভিযানে এই রং নিয়ে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। রাজধানীর বেইলি রোডের একটি স্বনামধন্য কাচ্চি বিরিয়ানি বিপণনকারী রেস্টুরেন্টে অভিযানকালে দায়িত্বে থাকা ম্যানেজার এবং তার সহকারীকে দুই গ্লাস ‘ফুড গ্রেড’ রং খেতে দেন ম্যাজিস্ট্রেট। তারা কোনোভাবেই রাজি না হলে ওই রং কাচ্চির সঙ্গে মিশিয়ে খেতে বলা হয়। তাতেও রাজি হননি তারা।

অবশ্য শেষ পর্যন্ত স্বীকার করেন, কম টাকায় খাবার রাঙ্গাতে কাপড়ে ব্যবহারের রং খাবারে মেশান তারা। একইভাবে মিষ্টির রং সাদা ও জিলাপি মচমচে রাখার জন্য ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ।

পাবনার সাঁথিয়ায় পামওয়েলের সঙ্গে রং মিশিয়ে সরিষার তেল উৎপাদন করায় ভোক্তা অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করে।

নাশতায় ক্যানসারের উপাদান

সকালের নাশতায় আমরা সাধারণত অতি-প্রক্রিয়াজাত খাবার (ইউপিএফ), অতিরিক্ত লাল মাংস, শর্করা-সমৃদ্ধ খাবার, পটাশিয়াম ব্রোমেটসমৃদ্ধ পাউরুটি, অ্যাসপার্টেম ফ্লেভারযুক্ত দই প্রভৃতি পছন্দের তালিকায় রাখি। এসব খাবার সুস্বাদু, সহজলভ্য এবং চটজলদি তৈরি হয়ে যায় ।

অথচ এসব খাবারের মাধ্যমে কেবল ক্যালোরি গ্রহণই বাড়ে না, বরং মুখের ক্যানসারের ঝুঁকিসহ বিভিন্ন রোগের কারণও হয়ে দাঁড়ায়।

ইউরোপের বৃহত্তম গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান প্রসপেক্টিভ ইনভেস্টিগেশন ইনটু ক্যানসার অ্যান্ড নিউট্রিশন (ইপিআইসি) এক দশকেরও বেশি সময় ধরে প্রায় পাঁচ লাখ মানুষের ওপর গবেষণায় বলছে, প্রতিদিনের সকালের খাদ্যতালিকায় যেসব খাবার রয়েছে তার মধ্যে- রুটি, ব্রেকফাস্ট সিরিয়াল, হ্যাম, আইসক্রিম এবং চিপসের মতো আল্ট্রা-প্রসেসড ফুডগুলোসহ ৩৪ ধরনের ক্যানসার সৃষ্টিকারী খাবার এই তালিকায় রয়েছে।

ইন্ডিয়ান সেন্টার অব সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের গবেষণায় দেখা গেছে, ৩৮টি পাউরুটির ব্র্যান্ডের মধ্যে ৮৪ শতাংশেই ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ রয়েছে।

গবেষণা বলছে, যারা বেশি পরিমাণে অপরিশোধিত চর্বিযুক্ত খাবার গ্রহণ করেন, তাদের শরীরে ক্যানসার কোষ তৈরি হওয়ার ঝুঁকি বেশি থাকে। ১০ শতাংশ অপরিশোধিত চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে মাথা ও ঘাড়ের ক্যানসার হওয়ার ঝুঁকি ২৩ শতাংশ এবং খাদ্যনালির ক্যানসার হওয়ার ঝুঁকি ২৪ শতাংশ বেড়ে যায়।

জাতিকেই অসুস্থ করে তুলছে

ভেজাল খাবার এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে দেশে রোগী, ডাক্তার, হাসপাতাল, ওষুধের ব্যবহার এবং মৃত্যুহার দিনদিন বেড়েই চলেছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) হেলথ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক।

আমার দেশকে তিনি বলেন, কৃষি এখন আর কৃষকের হাতে নেই। কৃষি চলে গেছে বহুজাতিক কোম্পানির দখলে। উচ্চফলনশীল জাতের নামে তারা প্রাকৃতিক খাবারগুলোকেও ক্ষতিকারক করে ফেলছে। আর পশ্চিমাদের অনুসরণ করতে গিয়ে দেশের মোট জনশক্তির একটা বড় অংশ অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকছে।

ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পুরো জাতিকেই অসুস্থ করে তুলছে দাবি করে তিনি বলেন, সরকারের উচিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে আরো সক্রিয় করে ভেজালের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা। অন্যথায় আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় ব্যয়ের আরো বড় অংশ বরাদ্দ করতে হবে ওষুধের পেছনে।

অন্যদিকে, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে মন্তব্য করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ বলেন, ভেজাল খাবার লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা নষ্ট করে ফেলছে। বিষ মিশ্রিত খাবারে শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।

তিনি জানান, এসব খাবার মানুষের পেটে গিয়ে হজমে সমস্যা থেকে শুরু করে পাতলা পায়খানা ও ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ছে। সবকিছু চোখের সামনেই হচ্ছে। প্রতিরোধ সংস্থাগুলো কাজও করছে। প্রতিনিয়ত জেল-জরিমানা করছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য

এদিকে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে অকাল মৃত্যু ও বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম প্রতিরোধযোগ্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

সংস্থাটির তথ্যমতে, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৮৩০ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে, ৩০ থেকে ৭৯ বছর বয়সি ১.৪ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে, অর্ধ বিলিয়নেরও বেশি মানুষ হৃদরোগের মতো অসংক্রামক রোগে আক্রান্ত।

প্রতিবছর বিশ্বে প্রায় ৪৩ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যা মোট মৃত্যুর ৭৫ শতাংশ। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে বিশ্বে প্রতিবছর প্রায় ১১ মিলিয়ন মানুষ মারা যায় বলেও জানিয়েছে ডব্লিউএইচও।

দেশে প্রায় ১৩.৯ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে এবং ২৩.৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে ভুগছেন।

ডব্লিউএইচও পরিচালিত গবেষণার তথ্যানুযায়ী, বাংলাদেশে বছরে প্রায় পাঁচ লাখ ৭০ হাজার ২৬৩ জন মানুষ মারা যায় বিভিন্ন অসংক্রামক রোগে, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ এবং যার ১৯ শতাংশই অকালমৃত্যু।

নজরদারি বাড়ানো হচ্ছে

নিরাপদ খাদ্য নিশ্চিতে চলমান কার্যক্রম আরো জোরদার করার পরিকল্পনা রয়েছে জানিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, জেলা পর্যায় থেকে দেশব্যাপী অভিযান ও মনিটরিং কার্যক্রম বাড়ানোর জন্য প্রয়োজনীয় বরাদ্দ ও সহায়তার বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে শুধু আইন প্রয়োগ নয়, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, পরিবহন ও বিপণনের প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানো হচ্ছে। খাদ্যের মূল উপাদানের বিশুদ্ধতা নিশ্চিত করা এবং অবৈধ রং, গন্ধ ও ক্ষতিকর অ্যাডিটিভসের ব্যবহার বন্ধে পরিচালিত হচ্ছে গবেষণা ও কারিগরি কার্যক্রম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গত আট মাসে ৭৪৪টি মোবাইল কোর্টের মাধ্যমে দুই কোটি ৮৩ লাখ টাকারও বেশি জরিমানা আদায় করেছে। এ সময় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...