দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের স্টাফ রিপোর্টার, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর।
উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম) জানান,
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে তিনি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকলকে সঙ্গে নিয়ে এমপি নুরুল আমিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হাসান, জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরসরাই উপজেলা শাখার সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান,
কুষ্টিয়ার ভেড়ামারার কেন্দ্রীয় শহীদ মিনার ও ভেড়ামারা সরকারি কলেজের শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক ও ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তাঁরা নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
ভেড়ামারা উপজেলা প্রশাসন, ভেড়ামারা থানা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভেড়ামারা সরকারি কলেজ, প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা) জানান,
বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ করেছে সাতক্ষীরাবাসী।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদী। শুক্রবার রাত ১০টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ব্যানার ও ফেস্টুন নিয়ে সেখানে সমবেত হতে থাকে।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এরপর পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসনসহ একে একে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিশাল মিছিল নিয়ে শ্রদ্ধা নিবেদন করে। জাসাসসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সরকারি দপ্তরগুলোর মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করে।
পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিল্পকলা একাডেমি শ্রদ্ধা জানায়। পাশাপাশি দৈনিক পত্রদূত, প্রথম আলো বন্ধুসভা, জেলা স্কাউটস, সনাক, সুজনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশের চেতনায় শহীদ বেদি আলোকিত করে তোলে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দিবা নৈশ কলেজ, সিটি কলেজসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাতফেরি ও মিছিলে অংশ নেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রতিনিধি হবিগঞ্জ জানান,
শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা আর সম্মানে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। ঘড়ির কাটায় ১২টা ১ মিনিটে পুস্পঞ্জলী অর্পণ করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
পরে হবিগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ মেডিকেল কলেজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন। আর এতে করে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার প্রাঙ্গণ।
১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের মধ্যে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বার অন্যতম।
২০১০ সালে জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালন করা হয়। তাই দিনটি বাঙালি জাতি ও বাংলা ভাষা ব্যবহারকারীদের জন্য গৌরবোজ্জ্বলের।
উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট) জানান,
মোংলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোংলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহীদদের স্মরণে নীরবতা, শ্রদ্ধা আর ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর রহমান শাহীন এবং ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
দিবসটি ঘিরে মোংলা-রামপালে কোনো ধরনের নিরাপত্তাশঙ্কা নেই বলে জানিয়েছেন মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রেফাতুল ইসলাম।
উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) জানান,
অমর একুশে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের পক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার একুশের প্রথম প্রহরে পাকুন্দিয়া সরকারি কলেজ চত্বরের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি এ শ্রদ্ধা জানানো হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো.জালাল উদ্দিন। এসময় ইউএনও রূপম দাস, এসিল্যান্ড রিফাত জাহান, ওসি এসএম আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পর পাকুন্দিয়া থানা ও পৌর প্রশাসন এবং উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ জানান,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও পুলিশ সুপার মোঃ সারওয়ার আলম। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ,শহিদ পরিবারের সদস্যরা, জেলা শিক্ষা প্রকৌশলী, জেলা কারাগার, মানিকগঞ্জ প্রেসক্লাব, মানিকগঞ্জ সম্পাদক পরিষদ, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টারস ইউনিটি, সদর উপজেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, জেলা পরিষদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসনের সদস্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) জানান,
রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা) জানান,
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহীদদের ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত করা হয়।
এতে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মিন্টু মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসের প্রথম প্রহরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গজারিয়া শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এতে ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল) জানান,
বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
অমর একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য আবুল হোসেন খান ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, রিপোর্টার্স ইউনিটি, সরকারি, বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, কর্মচারীসহ সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শনিবার সকাল ৯টায় বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের নেতৃত্বে র্যালীতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গনে এক মিনিট নিরবতা পালন করাসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ জানান,
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করেন।
সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে প্রভাতফেরি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা'র পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.) এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বোরহান উদ্দিন আহমেদ।
এ সময় মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, এদিন আউটডোর টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি সকল অপারেশনে ২০ শতাংশ ছাড়, চোখের ছানি রোগীদের ফ্যাকো অপারেশনে ৩০ শতাংশ ছাড়, ফিজিওথেরাপিতে ৩০ শতাংশ ছাড় এবং ডায়ালাইসিসে বিশেষ ছাড় দেওয়া হয়।
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা নিতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার ২ হাজারেরও অধিক নারী, পুরুষ ও শিশু হাসপাতালে আসেন। বিনামূল্যে চিকিৎসা সেবার সুযোগ পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই এমন উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাষা শহীদদের স্মরণে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর এ ধরনের সেবামূলক কর্মসূচি পালন করা হয়ে থাকে।
এছাড়া মুন্নু মেডিকেল কলেজ, হাসপাতাল, নাসিং কলেজ ও মুন্নু ইন্টারন্যাশনাল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শহীদদের স্বরণে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা) জানান,
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা।
শুরুতেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন এমপি। এ সময় তিনি ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা থানা পুলিশ, চান্দিনা উপজেলা প্রেসক্লাব, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ) জানান,
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জহির রায়হানের কালজয়ী গ্রন্থ আরেক ফাল্গুন এর বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শনিবার দুপুরে আগ্রাদ্বিগুন ইউনিয়নে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে এ বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক।
এসময় গ্রন্থাগারিক রায়হান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের সভাপতি চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) এস এম খেলাল ই রব্বানী।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মো.মোজাফ্ফর রহমান, মজিবুর রহমান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক রহমান রায়হান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিচারক ছিলেন সহকারি অধ্যাপক বাবুল হোসেন, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম ও প্রভাষক নিস্কৃতি কুমার মন্ডল। বইপাঠ প্রতিযোগিতায় আগ্রাদ্বিগুন কলেজ, আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন কে সনদপত্র, ক্রেস্ট ও বই প্রদান করা হয়।
উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) জানান,
আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, প্রভাত ফেরি ও একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন, বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোটার, গাজীপুর জানান,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসন ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
শ্রদ্ধা নিবেদনের জন্য রাত ১২টা বাজার কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে অমর একুশের প্রথম প্রহরে তারা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পুষ্পস্তবক অর্পণকালে জেলা প্রশাসক ও সংসদ সদস্য সাথে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, গাজীপুর প্রেসক্লাব ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় ।
উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী) জানান,
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষাশহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৯টায় উপজেলা পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় রাঙ্গাবালী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও গণ অধিকার পরিষদ, রাঙ্গাবালী প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণও শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রতিনিধি, দিনাজপুর জানান,
দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিনাজপুরবাসী স্মরণ করেছে ভাষা শহীদদের। শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ফুলে ফুলে ছেয়ে দিয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার প্রতিটি শহীদ মিনার। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান ভাষা দিবস পালন করেছে জেলাবাসী।
শনিবার দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা প্রশাসক খালেদ মো. রফিকুল ইসলাম, পুলিশ মো. জেদান আল মুসা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মকশেদ আলী মঙ্গলিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পৌসভার কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি'র নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপি’র সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে পৌর বিএনপি’র নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, জেলা মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, জাসাস, তরুনদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় দিনাজপুর শিক্ষাবোর্ড, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গনপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর সরকারী কলেজ,
দিনাজপুর সরকারী সিটি কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), জুবিলী উচ্চ বিদ্যালয়, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়, সিকদারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর) জানান,
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পৌর শহরের কোর্ট মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির কর্মসূচি। গভীর শ্রদ্ধা ও নীরবতার আবহে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হয়ে বাংলা ভাষার জন্য আত্মদানকারী মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ) জানান,
মানিকগঞ্জের শিবালয়ে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে পুস্পাঞ্জলী অর্পণ করা হয়েছে।
শনিবার ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুষ্পাঞ্জলি অর্পণ করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ্ কবির, বি এন পিসহ অঙ্গ সংগঠন, উপজেলা প্রশাসন, শিবালয় উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, শনিবার দিনব্যপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর) জানান,
চাঁদপুরের ফরিদগঞ্জে মহান ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনে প্রথম প্রহরে উপজেলা প্রশাসনে আয়োজনে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও বিশৃঙ্খলার কারণে রাত ১২.১ মিনিটের নির্দিষ্ট সময়ে ফুল দিতে পারেনি স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন। এই সময় বিএনপির একটি গ্রুপ রাষ্ট্রীয় প্রটোকল ভঙ্গ করে রাত ১২.১ মিনিটের আগেই শহীদ বেদীতে ফুল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া প্রহরায় ফূল দেন এমপি ও উপজেলা প্রশাসন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে স্বতন্ত্র থেকে নির্বাচিত বহিষ্কৃত উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান তার কয়েক শ' নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদে অবস্থান নেয়। এর পরে ধানে শীর্ষ প্রতীকে নির্বাচনে পরাজিত প্রার্থী লায়ন হারুনুর রশিদের অনুসারী একটি গ্রুপ মিছিলসহ বাজার প্রদক্ষিণ করে, ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকে অবস্থানে এই সময় তারা পুলিশের বাঁধা উপেক্ষা করে শহীদ মিনারে ঢুকে পরে।
পরে তারা সরকারি প্রটোকল উপেক্ষা করে রাত ১২.১ মিনিটে পূর্বেই শহীদ বেদিতে ফুল দেয়। এই সময় এক নেতা সরকারি অনুষ্ঠানে উপস্থাপক উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের হাত থেকে মাইক কেড়ে নিয়ে নিজেদের ফুল দেওয়ার ঘোষণা দেন। তারা দীর্ঘ সময় শহীদ মিনার দখল করে রাখার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত ও বেশ কিছু ফুলের ঢালাও ভেঙ্গে যায়। পরে, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর কড়া প্রহরায় স্থানীয় এমপি এমএ হান্নান ও উপজেলা প্রশাসন শহীদ বেদিতে ফুল দেয়।
জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ জানান,
সুনামগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতা-কর্মীরা। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা বাড়ার সাথে সাথে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা শাখার ব্যানারে আইনজীবীরা মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে এলাকা মুখরিত করেন। এরপর সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট খায়রুল কবির রুমেন, এডভোকেট আব্দুল করিম, এডভোকেট নান্টু রায়, এডভোকেট কাচা মিয়া,এডভোকেট আব্দুল খালেক।
উপজেলা প্রতিনিধি,পরশুরাম (ফেনী) জানান,
পরশুরামে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান প্রমুখ।
উপজেলা প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর) জানান,
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে দলীয় পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, পৌরসভা, প্রকৌশলী অফিস, শিক্ষা অফিস, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।