জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের (কাঁকড়া গাড়ি) মুখোমুখি সংঘর্ষে জাহিল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিল জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—নিহত জাহিলের মা বীথি (৩৬), উপজেলার জোনাইল ফকিরবাড়ী এলাকার ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা (৫৫) এবং একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)। তাদের মধ্যে গুরুতর আহত বীথির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজি অটেরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জাহিল নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।